২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের ব্যাখ্যায় সন্তুষ্ট হাই কোর্ট

আদালত ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 03:57 PM

Updated : 03 Aug 2023, 03:57 PM

জামিন পাওয়া আসামির ‘বেইল বন্ড’ গ্রহণ না করার ঘটনায় নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমকে তলব করলেও তার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে হাজির হয়ে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেন মুখ্য বিচারিক হাকিম মোল্যা সাইফুল আলম। সেই সঙ্গে তিনি ক্ষমাও প্রার্থনা করেন।

মোল্যা সাইফুল আলমের পক্ষে ব্যাখ্যা উপস্থাপন করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মোল্যা সাইফুল আলমের ব্যাখ্যা পাওয়ার পর আদালতের জ্যেষ্ঠ বিচারক জানতে চান, আসামি মুক্ত কিনা। তখন সাইফুল আলমের আইনজীবী আসামি মুক্ত বলে জানান।

এ সময় আদালত ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে অভিযোগ নিষ্পত্তি করে দেয়।

এরপর মোল্যা সাইফুল আলমকে কাছে ডেকে জ্যেষ্ঠ বিচারক বলেন, “আপনার তো অথরিটি আছে। আপনি তাদের (আসামি) ডেকে বিষয়টা বললে হত।”

নরসিংদীর শিবপুর মডেল থানার একটি মামলার আসামি মো. লিটন মিয়াকে গত ২৯ মে হাই কোর্ট জামিন দেয়।এরপর আসামির আইনজীবী নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম সাইফুল আলমের আদালতে বেইল বন্ড দাখিল করলেও তিনি তা গ্রহণ করেননি।

এ বিষয়টি হাই কোর্টের নজরে আনা হলে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম সাইফুল আলমকে তলব করে এর ব্যাখ্যা দিতে বলা হয়।