পরীমনির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পেছাল
বিচারক আগামী ১৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করে দিয়েছেন।
ঢাকার বনানী থানায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদক আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও এদিন রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসানের আবেদনে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করে দিয়েছেন।
পরীমনির পক্ষে এদিন আদালতে হাজিরা দেন তার আইনজীবী। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজির ছিলেন।
গত ৫ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এ আদালতে মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। কিন্তু এরপর দুটি তারিখ পার হলেও নতুন কারও সাক্ষ্যগ্রহণ হয়নি।
গত বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর র্যাব মুখপাত্র খন্দকার আল মঈন বলেছিলেন, পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার’ ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি’ আয়োজন করতেন। তার কাছে মদ ব্যবহারের একটি লাইসেন্স পাওয়া গেলেও তার মেয়াদ শেষ হয়েছে ‘অনেক আগে’।
এই অভিনেত্রীকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাই কোর্টও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। পরে গত বছরের ৩১ অগাস্ট বিচারিক আদালত তার জামিনের আদেশ দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। পরে এ বছরের ৫ জানুয়ারি তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় জজ আদালত।
এর মধ্যেই চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করে সোশাল মিডিয়ায় নিজেদের সন্তান আসার খবর দেন পরী-রাজ, সেই সঙ্গে দেন নিজেদের বিয়ের খবর।
তারা জানান, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন তারা। পরে আবার বিয়ের অনুষ্ঠান করেন তারা।
পরে রাজকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার আদালতে হাজিরা দেন পরীমনি। তিনি অন্তঃসত্ত্বা হলে বিচারক তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। দুমাস আগে এই দম্পতির ঘরে ছেলে সন্তানের জন্ম হয়েছে।
