বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ
২০১৯ সালে ঢাকার বাড্ডায় ছেলেধরা সন্দেহে পিটুনিতে নিহত হন রেনু।
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যার মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। মামলার পরের সাক্ষ্যগ্রহণ করা হবে ২২ নভেম্বর।
রোববার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষনিকার আদালতে সাক্ষ্য দেন বাড্ডা থানাধীন ডিআইটি প্রজেক্টের ফারিয়া এন্টারপ্রাইজের কর্মচারী মো. হাসান। এ নিয়ে মামলাটিতে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
২০১৯ সালের ২০ জুলাই ঢাকার বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।
পরে বাদী বাড্ডা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারীদেরও আসামি করতে চেয়ে আদালতে সম্পূরক এজাহার দাখিল করেন। পরে আদালত তদন্তের নির্দেশ দেন।
২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।
এরপর রেনু হত্যা মামলায় ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজের আদালতে ১৩ আসামির বিচার শুরু হয়। আর দুই শিশু আসামির বিচার চলছে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারাধীন মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে শুধু বাদী নিহত রেনু বেগমের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটুর।
নিহত রেনু লেখাপড়া শেষে আড়ং ও ব্র্যাকে চাকরি করেছেন। স্কুলেও করেছেন শিক্ষকতা। ২০১৭ সালে স্বামী তসলিম হোসাইনের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়। রেনুর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।
মামলার বাদী ইউনিলিভারের সাবেক টেরিটরি ব্যবস্থাপক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই মামলাগুলোর তাড়াতাড়ি নিষ্পত্তি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। বিচার দেরী হলে এ রকম স্পর্শকাতর ঘটনা দেশের অন্য কোথাও ঘটতে পারে।”
মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ও মহিন উদ্দিন।
জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে আলাদা অভিযোগপত্র দেওয়া হয়েছে। যদিও দুটি অভিযোগপত্রই দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় জমা দেওয়া হয়।
বাদী জানান, “আসামিদের মধ্যে ওয়াসিম, হৃদয় এবং রিয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিয়া বেগম, বাচ্চু মিয়া, শাহীন, মুরাদ, বাপ্পি, মাহিনউদ্দিনসহ ১০জন জামিনে রয়েছেন।
“আলিফ, মারুফ, সুমন ও আকলিমা এই চারজনের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তদন্ত কর্মকর্তার অব্যাহতির আবেদন জানালে তা মঞ্জুর করা হয়।”
