ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি
রাজধানীর দুই সিটি করপোরেশনে কোরবানি পশুর বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে; যদিও ঈদের দিনের তুলনায় এই সংখ্যা একেবারেই নগণ্য।
ঢাকার মালিবাগ, সেগুনবাগিচা, পুরানা পল্টন এলাকা শুক্রবার সকালে ঘুরে পশু কোরবানি করতে দেখা যায়।
ঈদুল আজহা উদযাপিত হয়েছে বৃহস্পতিবার। তবে এই ঈদে তিন দিন পশু কোরবানি করা যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদের দিনই কোরবানি সেরে ফেলেন। তবে নানা কারণে কেউ কেউ দ্বিতীয় অথবা তৃতীয় দিনেও পশু কোরবানি দিয়ে থাকেন।
সেগুনবাগিচায় অ্যাপার্টমেন্টের বাসিন্দা সোহরাব আলী দ্বিতীয় দিন সকালে গরু কোরবানি দিয়েছেন।
কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “কারণ পেশাদার কসাইয়ের সংকট আছে। আপনি দেখবেন ঈদের দিন অনেক মৌসুমি কসাই ঘোরাফেরা করে। তারা মাংস বানাতে পারে না, চামড়া মাংস থেকে আলাদা করতে গিয়ে চামড়া কেটে ফেলে।”
পুরানা পল্টন লেইনের বাসিন্দা সাব্বির আহমেদও শুক্রবার কোরবানি দিয়েছেন নিজের বাসার সামনের রাস্তায়।
তিনি বলেন, “দ্বিতীয় দিন কোরবানি দিলে ঝুট-ঝামেলা অনেক কম থাকে। সবাই একসঙ্গে কোরবানি দিলে একটা হুলুস্থূল লেগে যায়। এখন দেখেন একেবারে নিরিবিলিতে পশু কোরবানি দিলাম। কোনো বিশৃঙ্খলা নেই।”
সাব্বির জানান, তার এক বন্ধু পুরনো ঢাকার লালবাগে থাকেন। তিনিও দ্বিতীয় কোরবানি দিচ্ছেন। ঐতিহ্যগতভাবে তারা তিনদিনই পশু কোরবানি দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বর্জ্য অপসারণের সুবিধায় নগরবাসীদের তৃতীয় দিন কোরবানি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
‘শতভাগ বর্জ্য অপসারণ’ দুই সিটিতে
রাজধানীর দুই সিটি করপোরেশনে কোরবানি পশুর বর্জ্য অপসারণ চলছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞিপ্তিতে বলা হয়, দক্ষিণ সিটির সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
“বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণেল মধ্য দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়।”
দক্ষিন সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন মেয়র তাপস।
ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঈদের দিন দুপুর ২টায় ১৩ নম্বর ওয়ার্ডের মনিপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। রাত সাড়ে ৯টার মধ্যে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ শেষ করা হয় বলে দাবি করা হচ্ছে।
ডিএনসিসির ১০ টি অঞ্চলে ১৪ হাজার ৫০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
