১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা

চতুর্থ দিন যথেষ্ট সময় ব্যাটিং করে কাঙ্ক্ষিত লিড নেওয়ার আশা দক্ষিণ আফ্রিকার।

১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা

সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:23 PM

Updated : 17 Nov 2026, 10:23 PM

জোহানেসবার্গে মঙ্গলবার সকালে দ্বিতীয় নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। এখনও ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা, উইকেট বাকি তিনটি। এই অবস্থায় দাঁড়িয়ে ১০০ রানের লিড নেওয়ার আশা একপ্রান্ত আগলে রাখা রায়ান রিকেলটনের।

বৃষ্টি ও বজ্রপাতে দুই সেশন হারিয়ে যাওয়ায় জটিল হয়ে গেছে ম্যাচের পরিস্থিতি। তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবু তাড়াহুড়ো করতে চায় না প্রোটিয়ারা। চতুর্থ দিন প্রয়োজনে দুই সেশন ব্যাট করে হলেও ভালো লিড পাওয়ার লক্ষ্য তাদের।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান। স্বাগতিকদের আশার প্রদীপ হয়ে ৫৬ রানে অপরাজিত রিকেলটন। এছাড়া ৪৯ রান করে পেশির অস্বস্তিতে উঠে গেছেন টেম্বা বাভুমা। বুধবার ব্যাটিংয়ে নামবেন তিনি।

বাভুমা উঠে যাওয়ার এক ওভার আগে দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। প্রোটিয়া অধিনায়ক মাঠ ছেড়ে গেলে পরপর আঘাত হানেন তাসকিন ও হাসান। পরের পাঁচ ওভার ও ১৫ রানের মধ্যে দুজন মিলে নিয়ে নেন ৩ উইকেট। তাতে কিছুটা স্বস্তি পায় সফরকারীরা।

দিন শেষে সংবাদ সম্মেলনে রিকেলটন বলেছেন, ১০০ রানের লিড নিতে পারলে দ্বিতীয় ইনিংসে তারা বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে পারবেন।

“আমরা অবশ্যই যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করে লিড বড় করার চেষ্টা করব। আগে লিড নেওয়া, এরপর সেটাকে যতটা বাড়ানো যায়। তার জন্য যদি দুটি সেশনও খেলতে হয় হবে। আজকের দিন বাদ দিলে ওয়ান্ডারার্সে এখন বেশ গরম আবহাওয়া চলছে। তাই আমার ধারণা, উইকেট একটু নিচু হতে শুরু করবে এবং স্পিনাররাও প্রভাব ফেলতে শুরু করবে।

“আমরা যদি পঞ্চাশের বেশি... আদর্শ হয় যদি ১০০ রানের মতো লিড নিতে পারি এবং উইকেটে যদি আরও কিছুটা ক্ষত তৈরি করতে পারি। তাহলে আমাদের সিমাররাও সুবিধা পাবে। বল ওঠানামা করতে শুরু করবে এবং ওদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে। কাল এই সময়ে এখানে বসে আমরা দেখব ম্যাচের অবস্থা কোথায় দাঁড়ায়।”

ম্যাচের বাকি আর ছয় সেশন। চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা লম্বা সময় ব্যাটিং করে ফেললে খেলা এগিয়ে যেতে পারে ড্রয়ের দিকে। আবার দ্রুত ইনিংস ছেড়ে দিলে বাংলাদেশের সামনে থাকবে বড় সংগ্রহ দাঁড় করানোর চ্যালেঞ্জ।

তবে এসব নিয়ে বেশি ভাবতে চান না রিকেলটন। নতুন সকালে যথেষ্ট সময় ব্যাটিং করে পর্যাপ্ত লিড নেওয়ার দিকেই জোর দিচ্ছেন কিপার-ব্যাটার।

“আমাদের ধৈর্য ধরতে হবে। বৃষ্টির কারণে একটি দিন নষ্ট হওয়াটা অবশ্যই আদর্শ কিছু নয়, তবে ওয়ান্ডারার্সে খেলা খুব দ্রুত বদলায়। আগামীকাল এটি তৃতীয় দিনের উইকেটের মতো থাকবে, আর বৃহস্পতিবার থাকবে চতুর্থ দিনের উইকেট। প্রচুর অসম বাউন্স আশা করছি। যেমন বলছিলাম, ১০০ রানের লিড নিতে পারলে দারুণ হবে, কারণ আমরা জানি পিচে ফাটল ধরতে শুরু করবে এবং ওদের চেপে ধরার বড় সুযোগ পাব।

“আশানুরূপ লিড নিতে পারলে দেখতে পারব ওরা কীভাবে খেলে- শট খেলার চেষ্টা করে নাকি রক্ষণাত্মক হয়ে পড়ে। এতে আমাদের সামনে আরও কিছু সুযোগ তৈরি হতে পারে। আমাদের মূল লক্ষ্য এখন এটাই, যতটা সম্ভব রান তুলে ওদের চাপে ফেলা এবং ওরা কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা দেখা।”

বৃষ্টি ও বজ্রপাতের কারণে এদিন খেলা হয় শুধু এক সেশন। যেখানে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটনের মতে, এদিন সমানে-সমান ছিল দুই দল। তবে বাংলাদেশের পেসারদের প্রাপ্য কৃতিত্বও দেন তিনি।

“আমার মতে দিনটা সমানে-সমানই ছিল। নতুন বলে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি, যেটা কিছুটা অপ্রয়োজনীয় ছিল। তবে সব মিলিয়ে দিনটা ভারসাম্যপূর্ণই বলব। হাতে দুই-তিনটি উইকেট নিয়ে আমরা প্রায় সমতায় আছি। তাই আমাদের পরিকল্পনা হলো আগে লিড নেওয়া এবং সেটাকে যতটা সম্ভব বড় করা।

“আমার মতে বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করেছে। বেশ লম্বা সময় ধরে বল করেছে। ইবাদতের কী হয়েছে আমি নিশ্চিত নই, সম্ভবত সে অসুস্থ। তবে ওরা সত্যিই খুব ভালো পরিশ্রম করেছে। হাসান সারাদিনই টানা চেষ্টা চালিয়ে গেছে, তাসকিনও তা-ই। পিচ কখনও কখনও কিছুটা মন্থর ছিল, তবুও ওদের কৃতিত্ব দিতেই হবে- সারাদিনই ওরা ভালো বোলিং করেছে।”