২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় গিয়ে প্রাণীদের খাবার দিলেও জেল-জরিমানা

পাস হওয়া বিলে চিড়িয়াখানায় কোনো প্রাণীকে উত্ত্যক্ত করলে দুই হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

চিড়িয়াখানায় গিয়ে প্রাণীদের খাবার দিলেও জেল-জরিমানা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 12:46 AM

Updated : 26 Oct 2023, 02:10 AM

চিড়িয়াখানায় প্রাণীকে উত্যক্ত বা জখম করলে, বিনা অনুমতিতে খাবার দিলে দর্শনার্থীদের শাস্তির বিধান রেখে আইন করার প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার ‘চিড়িয়াখানা বিল’ সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়।

পাস হওয়া বিলে চিড়িয়াখানায় কোনো প্রাণীকে উত্ত্যক্ত করলে দুই হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আর কোনো প্রাণীকে জখম করলে বা অনুমতি ছাড়া খাবার দিলে দুই মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে।

বিলে বলা হয়েছে, চিড়িয়াখানার কোনো প্রাণীর বয়সজনিত শারীরিক অক্ষমতা বা সংক্রামক রোগ থেকে অন্য কোনো প্রাণীর জীবন রক্ষায় বা জনস্বাস্থ্যের স্বার্থে ওই প্রাণীর ব্যথাহীন মৃত্যু ঘটানো যাবে।

একই প্রজাতির একই লিঙ্গের একটি প্রাণী না রাখা, দলবদ্ধভাবে অবস্থানকারী প্রাণীদের মধ্য থেকে কোনো প্রাণীকে আলাদা না রাখারও বিধান দেওয়া রয়েছে বিলে।

বলা হয়েছে, কোনো বিপন্ন প্রজাতি সংরক্ষণের জন্য সরকার এক বা একাধিক চিড়িয়াখানা নির্দিষ্ট করতে পারবে।

সরকারের অনুমোদন ছাড়া কোনো চিড়িয়াখানায় বিদেশি প্রজাতির বন্যপ্রাণী কেনা, বিনিময়, উপহার হিসেবে বা অন্য কোনোভাবে সংগ্রহ করা যাবে না। চিড়িয়াখানার কোনো প্রাণীকে লোকালয়ে ছেড়ে দেওয়া যাবে না।