২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাফ ভাড়ার’ দাবিতে বনানীতে আড়াই ঘণ্টা শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষার্থীরা বলছে, আড়াই কিলোমিটার দূরত্বের জন্য তাদের ভাড়া দিতে হয় ৩০ টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 03:34 PM

Updated : 23 Aug 2022, 03:51 PM

গুলশান-বনানীর চক্রাকার বাসে অর্ধেক ভাড়ায় চলাচলের দাবিতে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

বনানী থানার ওসি নূরে আযম জানান, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানী পোস্ট অফিসের সামনে সড়কে অবস্থান নেয়। ফলে বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার বৈঠক করে এ বিষয়ে সুরাহা করবে- এমন আশ্বাস দেওয়ার পর বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ অর্ধেক ভাড়ায় চড়তে দিচ্ছে না ছাত্র-ছাত্রীদের।

তারা বলছে, আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে।

২০২১ সালের ৩০ নভেম্বর সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগরে শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিল ঢাকা পরিবহন মালিক সমিতি।

পুরনো খবর:

শর্ত দিয়ে ঢাকার শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মানলেন বাস মালিকরা
বাসে শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি কেন যৌক্তিক
সব মহানগরেই বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ’ ভাড়ার ঘোষণা

বলা হয়েছিল, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসে অর্ধেক ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা।

আর সেজন্য যার যার শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া ছবিসব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকারি ছুটির দিনে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে না।

গুলশান ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অবস্থানের কারণে কামাল আতাতুর্ক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে অন্যান্য সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল।”