২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪১তম বিসিএসের ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ২৫২০ জন

৪১তম বিসিএসে আবেদন করেছিল পৌনে ৫ লাখ জন, লিখিত পরীক্ষা দিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন।

৪১তম বিসিএসের ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ২৫২০ জন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 07:50 PM

Updated : 03 Aug 2023, 09:48 PM

সরকারি চাকরিতে নিয়োগে ৪১তম বিসিএস পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের ‍সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়। তাতে বলা হয়, বিভিন্ন ক্যাডারের ২ হাজার ৫৩৬টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সাময়িকভাবে সুপারিশ করা হল।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

মহামারীর মধ্যে ২০২১ সালের ১৯ মার্চ আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তাতে অংশ নিতে আবেদন করেছিলেন পৌনে ৫ লাখ প্রার্থী।

গত বছরের ১ অগাস্ট ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

পরে ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হল।

পেশাগত বা কারিগরি ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

ফল জানা যাবে যেভাবে

৪১তম বিসিএসের ফল পিএসসির www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 41 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতে এসএমএসে ফল জানা যাবে।