০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

শুধু ঢাকা কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে জানিয়েছে পিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 09:20 PM

Updated : 04 Nov 2026, 09:20 PM

বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রিলিমিনারি (বহুনির্বাচনি) পরীক্ষা হবে ১১ ডিসেম্বর।

৫১তম বিশেষ বিসিএসের এই পরীক্ষার তারিখ বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আবেদনকারী চাকরিপ্রার্থীরা পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.combd) প্রকাশ করা হবে।

পিএসসি সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৪ সেপ্টেম্বর প্রকাশ করে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীদের জন্য ১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত ছিল।

এ পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৪ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

প্রার্থী বাছাই করা হবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে পৃথক পৃথকভাবে ২০ নম্বর করে থাকবে আর মানসিক দক্ষতা গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। আর ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে থাকবে আরও ১০০ নম্বরের প্রশ্ন।

এর আগে গতবছরের ২৬ নভেম্বর সবশেষ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সাধারণ এ বিসিএসের লিখিত পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে; তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী।

পুরনো খবর:

৫০০০ চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি