০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হজ: এক দিনের বিশেষ সুযোগেও পূরণ হল না কোটা

এক দিনে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন ৩৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫৭ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 09:01 AM

Updated : 26 Apr 2023, 03:48 PM

চলতি বছর হজ করতে আগ্রহীদের নিবন্ধনে জন্য এক দিনের বিশেষ সুযোগ দিয়েছিল সরকার; তাতে আরও ৭৯৬ জন নিবন্ধন করলেও কোটা পূরণে ৬ হাজার ৭০৭ জনের ঘাটতি থেকে গেল।

নিবন্ধনের সময় আট বার বৃদ্ধির পর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধে মঙ্গলবার একদিনের জন্য নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হয়।

এই এক দিনে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন ৩৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫৭ জন।

পুরানো খবর:

হজ: সাত দফা সময় বাড়িয়েও পূরণ হল না কোটা
তিন খাতে ব্যয় কমলেও হজের খরচে লাফ যে কারণে
হজ নিবন্ধনে সময় অষ্টম বার বাড়ল

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ রয়েছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকি এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ।

কিন্তু আটবার সময় বৃদ্ধি এবং এক দিনের বিশেষ সুযোগের পর সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১০ হাজার ৭৪ জন। তাতে কোটা পূরণে বাকি ৪ হাজার ৯২৬ জন।

আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন এক লাখ ১০ হাজার ৪১৭ জন; কোটা পূরণে বাকি এক হাজার ৭৮১ জন।

পুরানো খবর:

হজ নিবন্ধনের সময় আবার বাড়ল
হজের খরচ বাড়েনি, বেড়েছে সৌদি সার্ভিস চার্জ: প্রতিমন্ত্রী
হজের খরচ কমল ১১ হাজার ৭২৫ টাকা, বাড়ল নিবন্ধনের সময়

হজ যাত্রীদের চাপ সামলাতে সরকার প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের ব্যবস্থা চালু করেছিল। কিন্তু এ বছর হজ প্যাকেজের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় কোটা পূরণ হয়নি বলে জানিয়েছেন হজ এজেন্সির মালিকরা।

সরকারিভাবে হজ পালনে এবার খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের হজ প্যাকেজ থেকে দেড় থেকে দুই লাখ টাকা বেশি।

এ বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। পরে কোটা পূরণ না হওয়ায় একে একে আটবার সময় বাড়ানো হয়। আর সর্বশেষ ২৫ এপ্রিল দেওয়া হয় একদিনের বিশেষ সুযোগ।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৭ জুন হজ হতে পারে। আর হজ ফ্লাইট শুরু হবে ২১ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ মে এ বছরের হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করতে পারেন।

ওইদিন বা সুবিধাজনক তারিখ ও সময়ে হজ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পুরনো খবর

পুরানো খবর:

আরও এক দিনের জন্য হজ নিবন্ধনের সুযোগ