Published : 20 Dec 2023, 05:44 PM
কেরাণীগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ ২১৩ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ কে এম রকিবুল হাসান বুধবার দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২ জানুয়ারি দিন ঠিক করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল জানান, এদিন কারাগার থেকে শুনানিতে হাজির করা হয় আমানকে। আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চাইলে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন।
দুটি মামলার মধ্যে একটি দায়ের করা হয়েছিল ২০১৭ সালের ২ জুন। অভিযোগে বলা হয়, কেরানীগঞ্জের হযরতপুরে মেঘু মিয়া মাতুব্বর হাফেজিয়া মাদ্রাসা ও আমান জামে মসজিদে ইফতারের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে আমান উল্লাহ আমান উপস্থিত হলে আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি জেনে আওয়ামী লীগের ৩০/৪০ জন সেখানে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহের আলী ৪ জুন মামলা করেন। তদন্ত করে ২০১৮ সালের ১৮ নভেম্বর আমানসহ ১৮১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন কলাতিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহ আলম। পরে দুই আসামি মারা যান।
বুধবার ওই মামলার শুনানিতে আসামিদের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাসির বলেন, “ঘটনাস্থলে কোনো ককটেল বিস্ফোরিত হয়নি। বিএনপির নেতাকর্মীরা কারও ওপর হামলা করেনি। আমানউল্লাহ আমানকে অব্যাহতি দেওয়া হোক।”
আর রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে বলা হয়, আমানউল্লাহ আমান ছিলেন ওই ঘটনার ‘মাস্টারমাইন্ড’। তার ‘নির্দেশ ও নেতৃত্বে’ হামলা হয়।
আর ২০১৩ সালের ২৮ নভেম্বর দায়ের করা অপর মামলার অভিযোগে বলা হয়, ২৭ নভেম্বর ডাকা অবরোধে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পুলিশ সেখানে উপস্থিত হলে তাদের ওপরও ইট-পাটকেল ছোড়া হয়।
ওই ঘটনার পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী মামলা দায়ের করেন। তদন্ত করে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।