১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের চার ভাগের এক মানুষ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 09:19 AM

Updated : 19 Sep 2026, 09:25 AM

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল— এই চার দেশে প্রায় ২০০ কোটি মানুষের বাস, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশের মতো।

ইরানে যুদ্ধ শুরুর আগে থেকেই এসব দেশ আমদানি করা জ্বালানি পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার বড় একটি অংশ আসত পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে।

তবে পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালির ওপর দক্ষিণ এশিয়ার একেক দেশের নির্ভরতা একেক রকম।

দীর্ঘ হতে থাকা এই যুদ্ধের প্রভাব অবশ্য তারা সবাই টের পাচ্ছেন। কারণ জ্বালানি পণ্যের একের পর এক সরবরাহপথে প্রতিব্ধকতা সৃষ্টি হওয়ার খবর আসছে।

উপসাগরীয় জ্বালানিতে দক্ষিণ এশিয়ার নির্ভরতা

ভারত যে পরিমাণ অপরিশোধিত তেল ব্যবহার করে, তার প্রায় ৮৫ শতাংশই আমদানি করতে হয়। অপরিশোধিত তেল আমদানিতে দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়।

যুদ্ধ শুরুর আগে ভারতে বেশির ভাগ তেল আসত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে। আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম প্রধান উৎস ছিল কাতার।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের সরবরাহব্যবস্থা বেশি বৈচিত্র্যপূর্ণ। রাশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকেও ভারতে অপরিশোধিত তেল আসে।

আমদানি করা জ্বালানির ওপর পাকিস্তানও ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও এলএনজির ক্ষেত্রে দেশটির আমদানিনির্ভরতা বেশি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ঐতিহ্যগতভাবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী। আর এলএনজির মূলত উৎস কাতার।

Image

ছবি: রয়টার্স

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়। তবে দেশের অভ্যন্তরীণ উৎপাদনে চাহিদা না মেটায় দেশটি ক্রমেই এলএনজি আমদানিতে নির্ভরশীল হয়ে পড়ছে।

কাতার বাংলাদেশের এলএনজির অন্যতম প্রধান সরবরাহকারী। দেশটি বাংলাদেশ পরিশোধিত জ্বালানি তেলও আমদানি করে।

নেপাল উপসাগরীয় দেশগুলো থেকে সরাসরি অপরিশোধিত তেল বা এলএনজি আমদানি করে না। স্থলবেষ্টিত দেশটি পেট্রোল, ডিজেল, কেরোসিন ও এলপিজিসহ প্রায় সব ধরনের জ্বালানি পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল।

ফলে উপসাগরীয় অঞ্চলে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলে নেপালে তার পরোক্ষ প্রভাব পড়ে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বরাবরের মতো জ্বালানি সরবরাহের এই সংকটের সবচেয়ে বড় চাপ এসে পড়ছে দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের ওপর।

‘আর্থিকভাবে নিজেকে পুরোপুরি অসহায় মনে হচ্ছে’

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর করাচিতে গৃহকর্মী হিসেবে কাজ করেন ৪৫ বছর বয়সি সাজিদা জিবরান।

একটি অভিজাত এলাকায় দীর্ঘ সময় কাজ করেন তিনি। তার স্বামী শারীরিক অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না। তাদের তিন সন্তান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করছে।

জিবরান জানান, গত বছরের শেষ দিকে তার বাড়িভাড়া ছিল ১৫ হাজার পাকিস্তানি রুপি, যা গত মাস থেকে বেড়ে ২৫ হাজার হয়েছে।

তিনি বলেন, “যুদ্ধের আগে সবার জলখাবার মিলত। আমি মাংস কিংবা মুরগি কিনতে পারতাম। কিন্তু যুদ্ধ শুরুর পর সবজির দামও এত বাড়তি যে সেগুলো কেনা কঠিন হয়ে পড়েছে।

“বিদ্যুতের দাম অনেক বেড়ে গেছে। আগে আমাদের বিল আসত দেড় হাজার রুপির মতো। এখন পাঁচ হাজার রুপি হয়ে হয়। গ্যাসের বিলও বেশি আসে। ২ হাজার রুপির নিচে বিল আসে না।”

জিবরানকে সবচেয়ে কঠিন যে সিদ্ধান্ত নিতে হয়েছে সন্তানদের লেখাপড়া নিয়ে। কারণ সন্তানদের লেখাপড়ার খরচ যোগাড় করবেন, নাকি তাদের মুখে খাবার তুলে দেবেন, সেই সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে।

Image

ইলাস্ট্রেশন: আল জাজিরা

‘সবই নাগালের বাইরে চলে যাচ্ছে’

ভারতের রাজধানী নয়া দিল্লির নিরাপত্তাকর্মীর কাজ করেন বলেন্দ্র সিং। ৬৭ বছর বয়সি এই ব্যক্তি নয়া দিল্লির পাশের শহর নয়ডায় পরিবারের আরও ছয় সদস্যের সঙ্গে ছোট একটি ঘরে থাকেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর শহরের বাড়তি খরচ কমাতে তাকে পরিবারের কয়েক সদস্যকে গ্রামে পাঠিয়ে দিতে হয়েছে।

বলেন্দ্র বলেন, “এখন বড় শহরে এতগুলো মানুষের খাবারের খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয়। মূল্যস্ফীতি আমাদের কাবু করে ফেলেছে। দাম বাড়তে থাকায় সবকিছুই নাগালের বাইরে চলে যাচ্ছে, অথচ আমাদের বেতন একই রয়ে গেছে।”

সংসারের পরিস্থিতি তুলে ধরে তিনি করেন, খাবারের তালিকায় কী থাকছে, সেটা আর বড় বিষয় থাকছে না, বরং নয়ডার মতো ব্যয়বহুল শহরে কতজন মানুষ সেই খাবার খাচ্ছে, সেটা বড় বিষয়।

জ্বালানি পণ্যের দাম বাড়ার প্রভাব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “রিকশার ন্যূনতম যে ভাড়া ছিল, সেটা বেড়ে গেছেছে। সেটা হয়ত পাঁচ রুপি বেড়েছে, কিন্তু আমাদের জন্য তা অনেক বেশি। কারণ ৩০ দিন যাওয়া-আসা হিসাব করলে প্রায় ৩০০ রুপি বেড়ে যাচ্ছে।”

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প শোনাতে গিয়ে তিনি বলেন, “আমরা সপ্তাহে তিন দিন মাছ খাওয়ার বদলে এক দিন খেতে পারি, আর তরকারিতে পেঁয়াজও কম দিই।”

তিনি বলেন, “আমার সন্তানরা এই যুদ্ধ সমর্থন করে না। কিন্তু দূরের রাজনীতির বোঝা বহন করতে হচ্ছে আমাদের। দাম বাড়ার প্রভাব থেকে আমাদের রক্ষা করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

পরিবারে পরিবারে ছড়িয়ে পড়ছে চাপ

ঢাকার গৃহিণী আসমা বেগম দুই সন্তানের মা। তিনি গৃহকর্মীর কাজ করেন। একটি বাড়িতে বাসন ধোয়া ও অন্যান্য গৃহস্থালির কাজ করে মাসে ৫ হাজার টাকার মতো পান।

আসমা আরও বেশি আয় করতে চান। কিন্তু গৃহকর্মীর কাজের সুযোগ কমে গেছে বলে তার কাছে মনে হচ্ছে।

Image

ছবি: আল জাজিরা

তিনি বলেন, “ধনী মানুষও আর্থিক চাপে আছেন। তারা গৃহকর্মী না রেখে নিজেরাই বাড়ির কাজ সামলানোর চেষ্টা করছেন।”

আসমার চোখে, এক পরিবারে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব গিয়ে পড়ছে আরেক পরিবারে। কারণে, বেশি খরচের মুখে থাকা অনেক পরিবার গৃহকর্মী রাখার মতো অতিরিক্ত ব্যয় কমিয়ে দিচ্ছে।

আসমা বলেন, শুধু তার নিজের পরিবারই চাপে নেই। তার বাবা-মা থাকেন দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরিশালে। তার বাবা ও ভাই একই এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। আর তার মা ক্যানসারে আক্রান্ত হলেও একটি মেসে রান্নার কাজ করেন।

“তারাও একইভাবে সংগ্রাম করছেন।”

‘গত কয়েক মাসে সবকিছুর দাম বেড়েছে’

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর গৌশালা এলাকায় কুলি হিসেবে কাজ করেন ৫৮ বছর বয়সী বসন্ত। তার ১৫ বছরের একটি সন্তান রয়েছে। ঘরে বৃদ্ধ বাবা ও ভাইবোনও আছেন।

বসন্ত কখনো স্কুলে যাননি। কাজের সন্ধানে তাকে কাঠমান্ডুতে আসতে হয়েছে।

তিনি বলেন, “আগে আমরা কৃষিকাজ করতাম। কিন্তু বানরের উৎপাতের কারণে কৃষিকাজ করতে পারি না। এছাড়া গ্রামের একটি সমবায় প্রতিষ্ঠান আমার বাবার সারা জীবনের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেছে।

“এখন বেশির ভাগ সময় কুলির কাজ করি। নানা ধরনের বোঝা টানি। কিছু দিন ধরে মূলত এলপিজি সিলিন্ডার বহন করছি।”

নিয়মিত কাজ মেলে না মন্তব্য করে বসন্ত বলেন, “দিনে প্রায় ৫০০ টাকা আয় করি। তবে আয়ের কোনো নির্দিষ্ট হিসাব নেই। কাজ কম থাকলে ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় হয় না।”

সাম্প্রতিক মাসগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় নিজে রান্না করার বদলে কম খরচের রেস্তোরাঁয় খাওয়া বেছে নিয়েছেন তিনি।

বসন্ত বলেন, “পরিবারের জন্য খুব বেশি টাকা পাঠাতে পারছি না। ভাগ্য ভালো যে একটি অলাভজনক প্রতিষ্ঠান আমার মেয়ের পড়াশোনার খরচ দিচ্ছে। আমার বাবা চলেন বয়স্ক ভাতার টাকা দিয়ে।

“আমি যা কিছু সঞ্চয় করতে পারি, তা দিয়ে কাপড় কিনি, মেয়ের জন্য উপহার কিনি এবং যতটা পারি পরিবারে পাঠিয়ে দিই।”