১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সার-জ্বালানি, শ্রমিকের মজুরি নিয়ে সংকটে মুড়িকাটা পেঁয়াজের চাষিরা

পেঁয়াজ চাষি শেখ আলমগীর বলেন, চাষের জিনিসপত্রের দাম বাড়লেও কৃষিপণ্যের বিক্রয়মূল্য সেভাবে বাড়ছে না।

শেখ মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 02:36 PM

Updated : 13 Nov 2026, 02:36 PM

শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ।

তবে চলতি মৌসুমে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং কৃষি উপকরণের ঊর্ধ্বমুখী দামে বেড়েছে উৎপাদন খরচ। এতে বাড়তি বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহদুজ্জামান বলেন, চলতি খরিপ-২ মৌসুমে জেলায় ৫ হাজার ৮৮৫ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় এক লাখ টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কিন্তু মৌসুমের শুরুতেই উৎপাদন ব্যয়ের চাপ দুশ্চিন্তা বাড়িয়েছে বলে জানালেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার চাষী রইচ ইসলাম, শেখ আলমগীর সহ কয়েক জন।

তাদের অভিযোগ, চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় প্রয়োজনীয় সার সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। বিশেষ করে, ডিএপি সার সরকারি নির্ধারিত বস্তাপ্রতি ১ হাজার ৫০ টাকা দরে পাওয়ার কথা থাকলেও কোথাও কোথাও তা দুই হাজার টাকা পর্যন্ত দামে কিনতে হচ্ছে। অতিরিক্ত দাম দিয়েও চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না বলে জানান তাঁরা।

চাষী রইচ ইসলাম বলেন, “শুধু সার নয়, জ্বালানি ও শ্রমিকের মজুরিও বেড়েছে। জমি প্রস্তুত, সেচ, চারা রোপণ ও ফসল ঘরে তোলাসহ উৎপাদনের প্রতিটি ধাপেই আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের।”

শেখ আলমগীর বলেন, চাষের জিনিসপত্রের দাম বাড়লেও কৃষিপণ্যের বিক্রয়মূল্য সেভাবে বাড়ছে না। কোনো কারণে ফলন কম হলে কিংবা বাজারে পেঁয়াজের দাম কমে গেলে লোকসানের আশঙ্কাও রয়েছে।

সদর উপজেলার আদমপুর এলাকার পেঁয়াজচাষি কাশেম বিশ্বাস বলেন, সার, জ্বালানি ও শ্রমিকের খরচ প্রতিনিয়ত বাড়ছে। সময়মতো সার না পাওয়ায় বেশি দাম দিয়ে তা সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে বাড়তি খরচ কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে, তা বুঝতে পারছেন না।

মো. দুলাল ফকির বলেন, রোপণের মাত্র ৬০ দিনের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজ ঘরে তোলা যায়। বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে উদ্বিগ্ন তারা।

ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শীত মৌসুমের শুরুতে অন্যান্য অঞ্চলে পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম থাকায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের ওপর বাজারের একটি বড় অংশ নির্ভর করে। তাই উৎপাদন ব্যাহত হলে বাজারে সরবরাহ ও দামের ওপরও এর প্রভাব পড়তে পারে।

সার নিয়ে কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি রাসায়নিক সারের সংকট মোকাবিলায় কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন।