রাজধানীতে প্রাইভেটকারে হঠাৎ আগুন, চালক-মালিক দগ্ধ
যান্ত্রিক কোনো গোলযোগ থেকে ওই গাড়িতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঢাকার আসাদগেইট এলাকার রাস্তায় একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে মালিক ও চালক দগ্ধ হয়েছেন।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫) উত্তরায় একটি পোশাক কোম্পানির মার্চেন্ডাইজার। তার বাসা গ্রিন রোড এলাকায়। তার গাড়ির চালকের নাম উজ্জ্বল কুমার (৩৫)। তাদের দুজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন আ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “রাতে বাসায় ফিরছিলেন রুবেল। আসাদগেইটে তার গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। দগ্ধ অবস্থায় দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।”
যান্ত্রিক কোনো গোলযোগ থেকে ওই গাড়িতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রুবেলের শরীরের ৬০ শতাংশ এবং উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
