২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের মন্তব্য পর্যবেক্ষণ করছি: হাছান মাহমুদ

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে শেখ হাসিনার প্রতি সমর্থন ঘোষণা করেছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করতে সবাইকে অনুরোধ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 04:32 PM

Updated : 18 Jun 2023, 04:32 PM

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে জড়িয়ে চীন যে মন্তব্য করেছে, সেটি সরকার পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের কারও ‘সমর্থন নেই’।

সমসাময়িক বিষয় নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের পক্ষে চীন যে বক্তব্য রেখেছে, এ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আন্তর্জাতিকভাবে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান বিভিন্ন সময় দেখেছি। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে মন্তব্য করেছে চীন। আমরা সেটা পর্যবেক্ষণ করছি।”

গত বুধবার বেইজিংয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমরাও অবগত। আসলে, নিজেদের জাতিগত বৈষম্য, বন্দুক সহিংসতা এবং মাদক সমস্যার সমাধান না করে একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে।"

তার ভাষায়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুধু বাংলাদেশের জনগণের দৃঢ় অবস্থানের কথাই প্রকাশ করে না, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের মনের কথাই বলেছেন।”

পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি প্রতিক্রিয়া জানিয়ে তাদের ফেইসবুক পেজে পোস্ট করে। এতে স্মরণ করিয়ে করিয়ে দেওয়া হয়েছে, 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়'– এটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র।

এতে বলা হয়, “বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি গ্রহণের যে সার্বভৌম অধিকার, তার প্রতি সব পক্ষ ‘সম্মান প্রদর্শন করবে’ বলে বাংলাদেশ প্রত্যাশা করে।”

‘তত্ত্বাবধায়কের রোগে ফখরুল, শিগগির মুক্তি’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির দাবির পক্ষে দেশে বা বিদেশে, কোথাও সমর্থন নেই বলে মনে করেন হাছাম মাহমুদ।

তিনি বলে, “আন্তর্জাতিকভাবেও তাদের এই দাবির প্রতি কোনো সমর্থন নেই। যুক্তরাষ্ট্রও তাদের দাবিকে সমর্থন করেনি। এটি শুধু মির্জা ফখরুলের মুখেই আছে।

“তাকে তত্ত্বাবধায়ক রোগে পেয়েছে। আশা করি, তিনি এ রোগ থেকে শিগগিরই মুক্তি পাবেন।”

সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে না-সাফ জানিয়ে মন্ত্রী বলেন, “ভারত, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে, আমাদের দেশেও তাই হবে। সংবিধানের কোনো ব্যত্যয় হবে না। 

শেখ হসিনাকে ‘শেষ করে দিতে ষড়যন্ত্র চলছে’

হাছান বলেন, বিএনপি দেশে ‘অস্বাভাবিক ও অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করে দেশকে ‘অপশক্তির হাতে’ তুলে দিতে চায়।

তিনি বলেন, “রাজশাহী বিএনপির আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন। এরপর সিরাজগঞ্জের সমাবেশে সিরাজগঞ্জ বিএনপির নেতা রাশেদুল হাসান রঞ্জনও শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। বিএনপি যে ভেতরে-ভেতরে সেই ষড়যন্ত্রটাই করছে, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এসব বক্তব্য।

“তারা (বিএনপি) দুটি ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে। একটি হচ্ছে, শেখ হাসিনাকে এলিমিনেট (শেষ করে দেওয়া) করা। আরেকটি দেশে একটি অস্বাভাবিক, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশটিকে অপশক্তির হাতে তুলে দেওয়া। বাংলাদেশের জনগণ সেটি হতে দেবে না।”

মুক্তিযুদ্ধের পর দেশি বিদেশি অপশক্তি এভাবেই বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে হত্যার পথ বেছে নিয়েছিল বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, “আজকে শেখ হাসিনাকে বিএনপিসহ যে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।”