ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন রাজীব নূরসহ তিনজন
পুরস্কারের জন্য বই জমা দেওয়া সবাই পাবেন সম্মাননা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার পেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ তিনজন।
বৃহস্পতিবার ডিআরইউয়ের জুরি বোর্ডের দেওয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ ফল প্রকাশ করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কথা সাহিত্যে (গল্প/উপন্যাস) রাজীব নূর, কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (আমার দেশ) এবং মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে এম মামুন হোসেন (সময়ের আলো) ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন।
রাজীব নূর গল্পগ্রন্থ ‘পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প’র জন্য, হাসান হাফিজ কাব্যগ্রন্থ ‘নদী নয় মানুষের মতো অনুদার’ এবং এম মামুন হোসেন তার ‘আদি অন্তে ঢাকা’ গ্রন্থের জন্য বিজয়ী হয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, এ সাহিত্য পুরস্কার ডিআরইউ সদস্যদের মননশীলতা বিকাশে সহায়ক হবে এবং ডিআরইউতে সাহিত্য চর্চা আরও বেগবান করবে।
আগামী ২৬ অক্টোবর ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে বিজয়ীদের হাতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পুরস্কার তুলে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
পুরস্কারের জন্য যেসব সদস্য বই জমা দিয়েছিলেন, তাদের সবাইকেই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
ডিআরইউ সদস্য লেখকদের স্বীকৃতি দেওয়ার জন্য এ বছর সাহিত্য পুরস্কার চালু করেছে, যাতে বই জমা দেন ৩৯ জন।
যারা সম্মাননা পাচ্ছেন
কথা সাহিত্য (গল্প/উপন্যাস) : হাবিবুল্লাহ ফাহাদ (খৈয়া গোখরার ফনা), প্রণব মজুমদার (তোমাদের গল্প), মাইদুর রহমান রুবেল (ভূতের করোনা পজেটিভ), মুস্তাফিজ শফি (স্পর্শ), আমিরুল মোমেনীন মানিক (আরতুগ্রুল বাঙালি), দীপক চৌধুরী (ভোগ), ইন্দ্রজিৎ সরকার (অথবা অন্য কেউ), জীবন ইসলাম (একাত্তরে শিলারা), আসাদুজ্জামান অংশুমান (জয়ামায়া), শাহীন চৌধুর (জাফলং থেকে সুন্দরবন) ও হক ফারুক আহমেদ (জলের জমিন)।
কাব্য (কবিতা/ছড়া) : নির্মল চক্রবর্তী (ঈগলের মতো প্রসারিত হাত), আমিরুল মোমেনীন মানিক (ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা), রীতা নাহার (চান্দ্রসিক গল্পের রেশ), আব্দুল মান্নান (পরিযায়ী প্রেম ও মুক্তিযুদ্ধ), সাজেদা পারভীন সাজু (অপেক্ষা), মুহাম্মদ আব্দুল বাতেন (রাত্রিকালীন পাখির স্বর) ও আইরিন নিয়াজী মান্না (নির্বাচিত ১০০ ছড়া)।
মননশীল (প্রবন্ধ ও গবেষণা) : আশিস সৈকত (খবরের ভেতরের খবর), মোহাম্মদ আল মাসুম মোল্লা (ভাষান চর), জাকির হোসেন (গণমাধ্যম বিদ্রোহী মার্চ), আবদুল্লাহ জেয়াদ (চলচ্চিত্রের কারিগর আজিজুর রহমান), আবু আলী (শেয়ার বাজারের সহজ পাঠ), পার্থ সন্জয় (কান ডায়েরী ওহ বাংলাদেশ), জান্নাতুল বাকেয়া কেকা (বিভুঁইয়ে সাংবাদিকতা), শামসুজ্জামান শামস (বাঙালির ১০ উৎসব), সুমি খান (গণহত্যার ঘাতকেরা সক্রিয়: টার্গেট পিতা মুজিব থেকে ত্রাতা হাসিনা), শামীম আল আমিন (দ্য কনসার্ট ফর বাংলাদেশ), মোরসালিন আহমেদ (ভারোত্তোলনে বাংলাদেশ), আসাদুজ্জামান সম্রাট (দেশ থেকে দেশে), ইমরান উজ জামান (বাংলাদেশের মেলা পার্বন), মানিক মুনতাসির (মুখোশের আড়ালে মুখোশ), উদিসা ইসলাম (রাষ্ট্রনায়ক), তারিকুল ইসলাম মাসুম (করোনা), আলতাব হোসেন (জলবায়ুর দৃশ্যমান প্রভাব প্রেক্ষিত বাংলাদেশ) ও জি এম ফয়সাল আলম (১৯৭১ অজানা গণহত্যা)।
