২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস ব্যবসায়ী খলিলকে হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ জন রিমান্ডে

শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে নূরুল হক ও ইমনকে গ্রেপ্তার করে র‌্যাব।

মাংস ব্যবসায়ী খলিলকে হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ জন রিমান্ডে

গ্রেপ্তার মো. নুরুল হক ও মোহাম্মদ ইমন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 07:04 PM

Updated : 29 Jan 2024, 07:04 PM

কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করা ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুইজনকে দুইদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 

গ্রেপ্তরা হলেন- মাংস ব্যবসায়ী নূরুল হক ও তার দোকানের কর্মচারী ইমন। 

সোমবার বিকালে ঢাকার মহানগর হাকিম জাকী-আল-ফারাবীর শুনানি শেষে এ আদেশ দেন। 

পুরনো খবর:

কম দামে মাংস বেচা খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর মো. ওমর ফারুক আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামিপক্ষে সোহাগ ফকির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। 

শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বেআইনিভাবে একচেটিয়া ব্যবসায়িক স্বার্থের আঘাতে প্রতিহিংসাপরায়ণ হয়ে আসামিরা এ অপকর্ম করে। 

শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে নূরুল হক ও ইমনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

রোববার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন লেন, গত ১৮ জানুয়ারি ঢাকার শাহাজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের মোবাইলে ফোন দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেইসঙ্গে কম দামে মাংস বিক্রি করলে তাকে ও তার ছেলেকে দুদিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে অকথ্য গালিগালাজ করা হয়।” 

এ ঘটনায় খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার তিনি মামলা দায়ের করেন। 

গরুর মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি ছিল, তখন ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন রাজধানীর শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল।