২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে ভিন্ন নামে নিবন্ধন না দেওয়ার দাবি

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কষ্টের কথা জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইটি সেল খোলার দাবি রক্তধারা ‘৭১ এর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 02:16 AM

Updated : 25 Feb 2023, 02:16 AM

জামায়াতে ইসলামীকে ভিন্ন নামে নির্বাচন কমিশনে নিবন্ধন না দেওয়া এবং আগামী নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরীদের সংগঠন রক্তধারা ’৭১।

শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সভাপতি সাংবাদিক নাদীম কাদির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে আরও রয়েছে- মুক্তিযুদ্ধের গণহত্যাকে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি, সব শহীদের স্বীকৃতি দেওয়া, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কষ্টের কথা জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইটি সেল খোলা এবং আগামী জাতীয় নির্বাচনে যুদ্ধাপরাধী, পাকিস্তানপন্থী, অবাঙ্গালি এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে মনোনয়ন না দেওয়া।

মুক্তিযুদ্ধবিরোধী শক্তি অথবা যারা জনযুদ্ধকে ধারণ বা লালন করেন না, তারা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ১৯৭১ সালে অর্জনকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ নাদীম কাদিরের।

মুক্তিযুদ্ধ নিয়ে সঠিকভাবে কাজ হচ্ছে না, এটা প্রধানমন্ত্রীকে জানাতেও চান তারা।