২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ঘানার হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আগামীতে দুই দেশে মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরো বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 03:26 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাই কমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। 

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন চেরেমেহ। ঢাকায় ‘সফলভাবে’ দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, “ঘানার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বাংলাদেশ গুরুত্ব দেয়।“

আগামীতে দুই দেশে মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরো বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। 

তিনি বলেন, “দুই দেশ একযোগে কাজ করতে পারে এবং তাতে উভয়ই লাভবান হতে পারে।"

সেজন্য দেই দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। 

ঘানার বিদায়ী হাই কমিশনার চেরেমেহ দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে।

"বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে ঘানা," বলেন বিদায়ী দূত। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।