২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় রেমাল: ডিএনসিসি এলাকায় ভেঙেছে ২০০ গাছ

দশটি কুইক রেসপন্স টিম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা গাছগুলো অপসারণ করেছেন বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 07:08 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় ২০০টির মত গাছ ভেঙেছে বা উপড়ে পড়েছে।

সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভেঙে পড়া গাছগুলো অপসারণ করা হয়েছে, পাশাপাশি প্রধান প্রধান সড়কে জমে যাওয়া পানি সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ১০টি কুইক রেসপন্স টিম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা এসব কাজ করেছেন।

প্রধান সড়কগুলোতে পানি জমে থাকতে দেখা না গেলেও অলিগলি ও মহল্লার চিত্র আলাদা। বিভিন্ন এলাকায় দুর্ভোগ সহ্য করে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

এ বিষয়ে মকবুল হোসাইন বলেন, “বিভিন্ন এলাকার গলি বা নিচু এলাকার শাখা রাস্তাগুলো থেকে পানি সরানোর কাজ চলছে। কুইক রেসপন্স টিম এবং পরিচ্ছন্নতাকর্মীরা ঘুরে ঘুরে শাখা রাস্তাগুলোতে কোথাও জমে থাকা পানি পেলে অপসারণ করছেন। নতুন ওয়ার্ডগুলোতে যেসব সড়কে নির্মাণকাজ চলমান, সেসব সড়কে পানি সরাতে কিছুটা সময় লাগছে।”

তিনি জানান, ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৮১ জন নাগরিক ফোন করে গাছ ভেঙে পড়া ও পানি জমে থাকার তথ্য জানিয়েছেন।

রোববার রাতে প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে ১৩ জনের প্রাণহানি হয়েছে, বিধস্ত হয়ে বহু ঘরবাড়ি, বিলীন হয়েছে রাস্তাঘাট; বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ লোকালয়। 

রেমালের প্রভাবে ঢাকায় সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দমকা হাওয়াসহ প্রায় একটানা বৃষ্টি হয়। রাস্তায় গাছ ভেঙে পড়ায় এবং পানি জমে যাওয়ায় বিপাকে পড়েন ঢাকার বাসিন্দারা।