১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশে গাঙ্গেয় ডলফিন ‘১৩৫২টি’

“ডলফিন টিকিয়ে রাখতে নদী ও জলাশয়ের দূষণ রোধ এবং পানির প্রবাহ ঠিক রাখতে হবে,” বলেন পরিবেশ উপদেষ্টা।

দেশে গাঙ্গেয় ডলফিন ‘১৩৫২টি’
আগারগাঁওয়ে বন ভবনে ‘আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস’ এর অনুষ্ঠানে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 06:45 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

দেশের নদী ও জলাশয়গুলোতে ৬৩৬টি দলে ১ হাজার ৩৫২টি গাঙ্গেয় ডলফিনের উপস্থিতির তথ্য জরিপে উঠে আসার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার আগারগাঁওয়ে বন ভবনে ‘আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস’ এর অনুষ্ঠানে জরিপের তথ্য তুলে ধরে ডলফিন ও বনভূমি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, “দেশের নদী ও জলাশয়ে মিঠাপানির ডলফিনের উপস্থিতি আমাদের পরিবেশের স্বাস্থ্য নির্দেশ করে। ডলফিন টিকিয়ে রাখতে নদী ও জলাশয়ের দূষণ রোধ এবং পানির প্রবাহ ঠিক রাখতে হবে।

“এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। ডলফিন রক্ষায় স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।”

বন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে হবে এবং যেকোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। বন কর্মকর্তাদের সহায়তার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

“দেশীয় প্রজাতির গাছ লাগানো বন বিভাগের প্রধান দায়িত্ব। গাছ কাটার বিরুদ্ধে যথাসময়ে বনরক্ষীদের ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিলুর রহমান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান, উপপ্রধান বন সংরক্ষক ও সুফলের প্রকল্প পরিচালক গোবিন্দ রায় এবং বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বক্তব্য দেন।