২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল সংসদ অধিবেশন

রাষ্ট্রপতির আদেশ পড়ে অধিবেশনের ইতি টানলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শেষ হল সংসদ অধিবেশন

সংসদের অধিবেশন কক্ষ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 10:08 PM

Updated : 01 Sep 2022, 10:08 PM

শেষ হলো একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশন।

বৃহস্পতিবার রাতে সমাপনী নিয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশন কক্ষে ১৯৭২ সালের ৩০ এপ্রিল মে দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।

তার আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

গত ২৮ অগাস্ট শুরু হয় এ অধিবেশন। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

পাঁচ কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি। বিল পাস হয় তিনটি।

বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত এবং ১৫ অগাস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ওপর সাধারণ আলোচনা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।