‘এনসিকিউজি খসড়া’ চাহিদা পূরণে ‘ব্যর্থ’: জলবায়ু সম্মেলনে রিজওয়ানা
“ওই খসড়া স্বল্পোন্নত দেশসমূহের ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর জরুরি চাহিদা পূরণে ব্যর্থ,” বলেন তিনি।
জলবায়ু সম্মেলন কপ২৯ প্রেসিডেন্সির ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোলস’ (এনসিকিউজি) খসড়ায় বিভিন্ন দেশগুলোর জন্য অর্থ বরাদ্দের পরিমাণ নিয়ে ‘হতাশা’ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা।
তিনি বলেছেন, “এনসিকিউজি বিষয়ক সবশেষ খসড়া প্রকাশ করা হয়েছে সম্মেলনের শেষ পর্বে এসে। ওই খসড়া স্বল্পোন্নত বা এলডিসি দেশসমূহের এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর (সিডস) জরুরি চাহিদা পূরণে ব্যর্থ।
“উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব আশ্চর্যজনকভাবে অপ্রতুল। এই বরাদ্দকে অনুদান হিসেবে চিহ্নিত করা হয়নি। এটি কোনো নির্দিষ্ট ব্যবস্থার আওতায়ও নেই। এ ছাড়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪৫টি এলডিসির জন্য কোনো বিশেষ তহবিল বরাদ্দ করা হয়নি।”
আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন রিজওয়ানা হাসান।
সম্মেলনের শেষ পর্বে এনসিকিউজি বিষয়ক সবশেষ খসড়া প্রকাশ হওয়ায় তিনি ‘হতাশা’ ব্যক্ত করেন বলে শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
রিজওয়ানা বলেন, “এই প্যাকেজটি এলডিসি এবং সিডসের মত সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম ন্যায়সংগত প্রস্তাবও দিতে ব্যর্থ হয়েছে। এটি তাদের ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির সম্মুখীন হতে আরও বেশি একা ফেলে রেখেছে।”
এলডিসি দেশগুলোকে এই প্যাকেজ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে রিজওয়ানা বলেন, “যথাযথ সংশোধন ছাড়া এটি বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলবে না।”
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সম্প্রদায়ের চাহিদা বিবেচনায় আরও উচ্চাভিলাষী, ন্যায়সংগত এবং কার্যকর জলবায়ু অর্থায়ন কাঠামোর পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি।
