১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থ্যালাসেমিয়ার বিস্তার ঠেকানোর নির্দেশনা চেয়ে রিট

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে গাইডলাইন তৈরির জন্য ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন এবং কমিটির ড্রাফট গাইডলাইন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 03:52 PM

Updated : 15 Jun 2023, 03:52 PM

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে থ্যালাসেমিয়া রোগের বিস্তার নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে বৃহস্পতিবার হাই কোর্টে এই রিট দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রিটে থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না এবং বিবাহ রেজিস্ট্রি ফরমে বর-কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করার আবেদন জানানো হয়েছে।

এছাড়া রিটে অন্তর্বর্তীকালীন আদেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে গাইডলাইন তৈরির জন্য ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন এবং কমিটির ড্রাফট গাইডলাইন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। 

থ্যালাসেমিয়া রোগ বিস্তার রোধে ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ, সরকারি কর্মচারী ও অন্যান্য পেশার মানুয়ের মধ্যে প্রচার-প্রচারণা চালানোর জন্য বিবাদীদের ওপর নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনটি করেছেন দুইজন আইনজীবী। তারা হলেন,  মো. ছারওয়ার আহাদ চৌধুরী এবং  এখলাছ উদ্দিন ভূঁইয়া। আর রিটের পক্ষের আইনজীবী হলেন মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যের মহাপরিচালকসহ মোট ৮ জনকে রিটে বিবাদী করা হয়েছে।