যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ‘গাড়ির ধাক্কায়’ গ্যারেজ শ্রমিকের মৃত্যু
গাড়িটি শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ‘গাড়ির ধাক্কায়’ এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফালু মিয়া (৪৬) একটি গ্যারেজে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
তার স্বজন রতন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন ফালু মিয়া। তিনি পরিবার নিয়ে পূর্ব কদমতলী এলাকায় থাকেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
যাত্রাবাড়ী থানার এসআই সজিবুর রহমান বলেন, “জরুরি সেবা নম্বরে ৯৯৯ খবর পেয়ে আমরা কোনাপাড়ার মোল্লা কলেজের সামনের সড়কে গিয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই।”
তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা সজিবুর বলেন, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে একটি ‘দ্রুতগামী অজ্ঞাত গাড়ি’ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
