২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সংবাদ ও ছবির প্রদর্শনী

প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি প্রদর্শন করা হয়।

টিএসসিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সংবাদ ও ছবির প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 09:52 PM

Updated : 15 Aug 2022, 09:52 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সংবাদপত্রে প্রকাশিত দুর্লভ সংবাদ, তথ্য ও ছবির প্রদশর্নী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

রোববার সকালে টিএসসির করিডোরে ‘মহাকালের খেরো খাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ডুজার প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, “শোক দিবস উপলক্ষে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে সাংবাদিক সমিতির যে আয়োজন তা দলিলভিত্তিক ও ব্যতিক্রমধর্মী। ইতিহাস জানার জন্য এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। সংক্ষিপ্ত পরিসরে এ ধরনের চিত্র প্রদর্শনী গভীরভাবে আমাদের সামনে ইতিহাসকে তুলে ধরে।”

প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি প্রদর্শন করা হয়।

Image

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রহিম, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্জ্বালন

জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে মোমবাতি প্রজ্জ্বালন, দোয়া-মাহফিল ও খাবার বিতরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন উদ্যান-ফটকের সামনে ‘উন্মুক্ত লাইব্রেরি’র উদ্যোগে ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপসম্পাদক তানভীর হাসান সৈকত এ আয়োজন করেন।

এর আগে দুপুরে সেখানে দোয়া-মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী, দর্শনার্থী, ভাসমান দোকানিসহ কয়েকশ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়৷