০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়াদুদের প্রার্থিতা বহাল, সালথা উপজেলার ভোটে বাধা নেই

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 09:07 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

ফলে আগামী ২১ জুন সালথা উপজেলা পরিষদে নির্বাচন হতে বাধা নেই। 

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

ওয়াদুদ মাতুব্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, শ. ম রেজাউল করিম ও শাহ মঞ্জুরুল হক। 

তার প্রতিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম বলেন, “ওয়াদুদ মাতুব্বর বর্তমানে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান। গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করলে সেখানেও মনোনয়নপত্র বাতিল হয়। 

“এরপর মনোনয়নপত্র ফিরে পেতে হাই কোর্টে রিট করেন। হাই কোর্ট রিট খারিজ করে ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।

পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ওয়াদুদ মাতুব্বর। গত ১৪ মে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন চেম্বার আদালত।

শ ম রেজাউল করিম বলেন, “এরপর তারা আপিল বিভাগের ফুল কোর্টে আসেন। ফুল কোর্ট  চেম্বার জজ আদালতের আদেশ বহাল রাখেন।”

এখন সালথা উপজেলা নির্বাচনে আর বাধা নেই বলে জানান এই আইনজীবী।

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। 

পরে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র হাই কোর্টের আপিল বিভাগ বৈধ ঘোষণা করলে  বুধবার বিকালে রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।