চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর চতুর্থ জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
চট্টগ্রাম বন্দরের উপ-ব্যবস্থাপক (ট্রাফিক) গোলাম সারওয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনস ঘড়িয়াল' বন্দরে ভেড়ার পর মাল খালাস শুরু হয়েছে।
বন্দর রেডিও নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভারতীয় জাহাজ ঘড়িয়াল ৮০০ মেট্রিক টন চাল নিয়ে এসেছে।
বুধবার রাতে মধ্যে চাল খালাস শেষ হলে বৃহস্পতিবার সকালে জাহাজটি বন্দর ত্যাগ করবে।
ত্রাণ নিয়ে এর আগে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ আইএনএস চিতা, আইএনএস কুম্ভির ও আইএনএস মহেস গত ৮ ও ৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল।
এদিকে, চট্টগ্রাম ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিডরে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ভারত ৪০ হাজার টন চাল, ১০ হাজার টন গম এবং এক হাজার টন গুঁড়ো দুধ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে চারটি জাহাজ ওই বরাদ্দের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯১১ ঘ.
bdnews24