ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গত এলাকায় আগামী ছয় মাস পুরনো ঋণের কিস্তি ও সুদ আদায় বন্ধ রাখবে এনজিওগুলো। একইসঙ্গে সিডরে ক্ষতিগ্রস্তদের মধ্যে চার শতাংশ সুদে নতুন ঋণও বিতরণ করবে তারা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথারিটির (এমআরএ) চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এনজিও প্রতিনিধিদের এক বৈঠকে এই প্রতিশ্রতি দেওয়া হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক সাংবাদিকদের জানান, এনজিও প্রতিনিধিরা কথা দিয়েছেন- দুর্গত এলাকায় আগামী জুন পর্যন্ত পুরনো কোনো ঋণের কিস্তি ও সুদ আদায় করা হবে না। পাশাপাশি সেখানে তারা অপেক্ষাকৃত কম সুদে নতুন ঋণ বিতরণেরও প্রতিশ্র"তি দিয়েছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাংগামারা মহিলা সবুজ সংঘের নির্বাহী পরিচালক ড. হোসনে-আরা বেগম বলেন, "বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের দুর্গত এলাকায় কম সুদে ঋণ বিতরণ করতে বলেছেন। আমাদের যতো ক্ষতিই হোক না কেনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা চার শতাংশ সুদে ঋণ বিতরণ করব বলে গভর্নরকে কথা দিয়েছি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কাছ থেকে এক শতাংশ সুদে ঋণ নিয়ে দুর্গত এলাকায় আমরা তা চার শতাংশ সুদে বিতরণ করব।"
মাজহারুল হক সাংবাদিকদের বলেন, সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে যেনো ফেরত পায় সে ব্যবস্থা করতে বৈঠকে এনজিওগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কোনো সদস্য বীমা তহবিলের অর্থ ফেরত চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) নির্বাহী পরিচালক এম ফরিদ উদ্দিন বলেন, এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের টাকা দরকার। এ বিষয়টি বিবেচনায় রেখেই আমরা অপেক্ষাকৃত কম সুদে দ্রুত তাদের কাছে ঋণ পৌঁচ্ছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে পিকেএসএফ, এনজিও ব্যুরো, এডাব, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, প্রশিকা, আশাসহ অন্যান্য এনজিও'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২২১৯ ঘ.
bdnews24