ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত পর্যটন শহর কুয়াকাটার আবাসিক হোটেল ও মোটেল মালিকরা ক্ষতি পোষাতে ঋণ সহায়তার বদলে চান ভ্যাট (মূল্য সংযোজন কর) অবকাশ সুবিধা। দুর্গত অঞ্চল থেকে ফিরে লিখছেন আবু নোমান সজীব।
সিডরের আঘাতে কুয়াকাটায় কমপক্ষে ১০টি আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট এবং সৈকতের তীরবর্তী আরও প্রায় অর্ধশত খাবার হোটেল ও অন্যান্য ছোট-বড় দোকান বিধ্বস্ত হয়েছে।
কুয়াকাটা হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল কুদ্দুস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে সব মিলিয়ে ৩৪টি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এর মধ্যে ঝড়ের আঘাতে সৈকতের বেড়িবাঁধের বাইরের হোটেল ও মোটেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। স্কাই কটেজ, হোটেল সি কুইন, খেপুপাড়া ফ্যামিলি হাউজ ও খাবার ঘর- ৫ সহ বাঁধের বাইরের সাতটি স্থাপনাই প্রায় পুরোপুরি বিধস্ত হয়েছে। বাঁধের ভেতরের দিকের প্রায় সবগুলো স্থাপনাও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০টির ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।
মনিরুল কুদ্দুস বলেন, "ক্ষতিগ্রস্ত এসব হোটেল-মোটেল মালিকদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রয়োজন নেই। কারণ তারা নিজেরাই তাদের জমির বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারবেন। সিডরের ক্ষতি পুষিয়ে নিতে এই মূহূর্তে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন আগামী ছয় মাস বা এক বছরের জন্য ভ্যাট (বিক্রির টাকার উপর ১৫ শতাংশ কর) মওকুফ করে দেওয়া। আর যারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা শুরু করেছিলেন তাদের সুদ আগামী ছয় মাস বা এক বছরের জন্য মওকুফ করতে হবে।"
তিনি আরও বলেন, "ভ্যাট অবকাশ সুবিধা দেওয়ার জন্য আমরা অর্থ মন্ত্রণালয় এবং এনবিআররের কাছে আবেদন করবো। এরই মধ্যে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছি। উনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।"
ক্ষতিগ্রস্ত 'হোটেল গোল্ডেন প্যালেস' এর মালিক রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ঈদ ও শীতকালেই আমাদের ব্যবসা চলে। এছাড়া বছরের অন্য সময় যে পরিমাণ পর্যটক পাই তা দিয়ে হোটেল কর্মচারীদের বেতনের টাকা ওঠে না। চলতি বছর রোজার ঈদের পরপরই নিম্নচাপের কারণে কুয়াকাটায় পর্যটক আসার হার কমে যায়। আবার সিডরের পরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পর্যটকরা কুয়াকাটায় একেবারেই আসছেন না। এ অবস্থায় সরকার ভ্যাট অবকাশ সুবিধা না দিলে এ মৌসুমে ব্যবসা বন্ধ রাখা ছাড়া কোনো উপায় দেখছি না।"
রফিকুল ইসলাম জানান, হোটেল-মোটেল ছাড়াও কুয়াকাটা পর্যটন মার্কেটের (বিচে ঢোকার রাস্তার দুইপাশে ঝিনুক মার্কেট নামে পরিচিত) বেশিরভাগ দোকান ঝড়ের রাতে বিধস্ত হয়েছে। এর মধ্যে মঠবাড়িয়া স্টোর, মামুন ডিজিটাল স্টুডিও, আনোয়ার ট্রেডার্স এবং কালাম এন্টারপ্রাইজসহ ৩৫টি দোকান পুরোপুরি মাটিতে মিশে গেছে। কুয়াকাটার পর্যটন শিল্প বিকাশে এদেরও জরুরি ভিত্তিতে ঋণ সহায়তা দেওয়া উচিত। এছাড়া কুয়াকাটার অন্যতম অর্থনেতিক ভিত্তি শুটকি পল্লীও সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে শুটকি ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে। এদের বিষয়ও সরকারের বিবেচনা করা উচিত।
হস্তশিল্প বিক্রির দোকান আনোয়ার ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন বলেন, "ঝড়ে একদিনের মইধ্যে পথের ফকির হইয়া গেছি। আমার আধাপাকা টিনের দোকানডা মাটিতে মিইশা গেছে। একটা মালও উদ্ধার করবার পারি নাই। শুনছি সরকার নাকি অনেকরেই সুদছাড়া লোন দিতাছে। তো আমাগো বিষয়টাও সরকারের ভাইবা দেখা দরকার।"
এদিকে কুয়াকাটার সমুদ্র সৈকত লাগোয়া বেড়িবাঁধটি আরও মজবুত ও উচুঁ করে তৈরি করা প্রয়োজন বলেও ব্যাবসায়ীরা মনে করছেন।
মনিরুল কুদ্দুস বলেন, "কুয়াকাটার পর্যটন শিল্পকে বাঁচাতে হলে বেড়িবাঁধকে কমপক্ষে তিন থেকে চার ফুট উঁচু করতে হবে। এছাড়া বাঁধের উপর এবং আশপাশের এলাকা থেকে অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে।"
পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মীর মশিউর আলম গত ২৪ নভেম্বর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য ক্ষতিগ্রস্তদের মতো কুয়াকাটার ব্যবসায়ীদেরও সহায়তা কার্যক্রমের আওতায় আনা হবে। সামগ্রিকভাবে পুরো জেলার জন্য যে ত্রাণ কার্যক্রম চলছে তার বাইরে পর্যটন শহর হিসেবে কুয়াকাটার জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হোটেল মালিকদের হয়তো ঋণ দেওয়ার ব্যবস্থা করা হতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএ/১৮০৫ঘ.
bdnews24