২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের পরে জীবননিরাপদ পানির স্থায়ী বন্দোবস্ত চায় উপকূলবাসী

বরগুনা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের নলটোনা ইউনিয়নের প্রত্যন্ত আগা পদ্মা গ্রামের গৃহবধূ রিজিয়া আর সবার মতোই পুকুরের দূষিত পানি দিয়েই গৃহস্থালি কাজকর্ম সারেন। স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে আসা এ গৃহবধূ জানেন, এ পানি ক্ষতিকর; তবুও তার উপায় নেই। সবচেয়ে কাছের নলকূপটি তার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বাবুগঞ্জ বাজারে। দীর্ঘপথ পাড়ি দিয়ে বিশুদ্ধ পানি নিয়ে আসা তার পক্ষে সম্ভব হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দুর্গত অঞ্চল থেকে ফিরে ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের নলটোনা ইউনিয়নের প্রত্যন্ত আগা পদ্মা গ্রামের গৃহবধূ রিজিয়া আর সবার মতোই পুকুরের দূষিত পানি দিয়েই গৃহস্থালি কাজকর্ম সারেন। স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে আসা এ গৃহবধূ জানেন, এ পানি ক্ষতিকর; তবুও তার উপায় নেই। সবচেয়ে কাছের নলকূপটি তার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বাবুগঞ্জ বাজারে। দীর্ঘপথ পাড়ি দিয়ে বিশুদ্ধ পানি নিয়ে আসা তার পক্ষে সম্ভব হয় না। এদিকে তার স্বামী পেশায় দর্জি মিজানুর রহমানও সকালে কাজে বের হন আর রাতে ফেরেন। তাই সময়াভাবে তিনিও এ কাজে রিজিয়াকে সহায়তা করতে পারেন না। প্রত্যন্ত এই উপকূলীয় গ্রামটির সব বাসিন্দাই তাই পানির জন্য নির্ভর করে পুকুরের ওপরই। নলকূপ তো দূরের কথা, কুয়া বা বিশুদ্ধ পানির নিরাপদ কোনো উৎসই নেই সেখানে। উপকূলীয় অঞ্চলের ভূমির গঠনগত কারণে এ অঞ্চলে নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। বসালেও উঠে আসে লবণাক্ত পানি। ঘূর্ণিঝড়ের পর সংবাদ সংগ্রহের জন্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর এই প্রতিবেদক গত ২৫ নভেম্বর গ্রামের মুসুল্লিপাড়ার একটি বাড়িতে যেতেই সাংবাদিক পরিচয় শুনে পাশের বাড়ি থেকে বের হয়ে আসেন রিজিয়া আক্তার। কাতর কন্ঠে অনুরোধ করেন, "স্যার, হুধু ত্রাণের কথা না লিইখা মোগো পানির কষ্টের কথাডাও একটু লেইখেন। মোরা ভাতের চে পানির কষ্টে আছি বেইশি। স্যার ভাত না খাইয়া থাকন যায়, কিন্তু পানি না খাইয়া কি থাকন যায় কন? মোর এক বছরের পুলাডা পানি তেষ্টায় খালি কান্দে।" রিজিয়া জানান, এত দিন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামের হাওলাদার বাড়ির পুকুর থেকে পানি এনে রান্না ও খাওয়ার কাজ সারতেন। গ্রামের ১ হাজারের বেশি পরিবারের প্রায় অধিকাংশ নারীই রান্না ও থালাবাসন ধোয়াসহ গৃহস্থালি কাজে হাওলাদার বাড়ির ওই পুকুরটির পানিই ব্যবহার করতেন। গ্রামটিতে আরো কমপক্ষে ৫০টি পুকুর থাকলেও সার ও কীটনাশক ব্যবহারের কারণে তা ব্যবহারের অনুপোযোগী। কিন্তু সিডরের আঘাতে গ্রামের ঘর-বাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যাবার পাশাপাশি পাতা পচে পড়ে হাওলাদার বাড়ির পুকুরটির পানিও নষ্ট হয়ে গেছে। এখন বাধ্য হয়ে বাড়ির সঙ্গে লাগানো একটি ডোবার পানিই ফুটিয়ে পান করছেন তারা। কিন্তু এক ঘণ্টার বেশি সময় ফুটালেও ওই পানি দিয়ে দুর্গন্ধ বের হয়। রিজিয়া তার বাড়ি থেকে ডোবার ফোটানো ওই পানি একটি কাঁচের গ্লাসে নিয়ে এসে দেখিয়ে বলেন, "স্যার, মোর কথা বিশ্বাস না হইলে হুইককা দেহেন, কেমন গন্ধ বাইর অয়। খাইতে গেলেই বমি আহে। কিন্তু কী করুম জানতো বাঁচান লাগবো।" ওই সময় এই প্রতিবেদককে ঘিরে থাকা গ্রামের অর্ধশত নারী-পুরুষও সমস্বরে অনুরোধ জানান, তাদের পানির সমস্যার কথাটি যেন পত্রিকায় লেখা হয়। তাহলে সরকারের নজরে পড়লে তাদের সুপেয় পানির কোনো ব্যবস্থা হলেও হতে পারে বলে সবার বিশ্বাস। গ্রামের বাসিন্দা স্থানীয় গর্জনবুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার হাওলাদার এবং হোসেন গোলদার এ প্রতিবেদককে গ্রামের পেয় পানির উৎস একমাত্র পুকুরটির বর্তমান অবস্থা দেখাতে নিয়ে যান। সেখানে গিয়ে দেখা যায়, প্রায় তিন বিঘা আয়তনের বিশাল পুকুরটির চার পাড়ে বড়বড় পাঁচটি রেইন ট্রি ভেঙে পানিতে ডুবে আছে। এছাড়াও কমপক্ষে একশ ছোটছোট গাছ উপড়ে পুকুরে পড়ে আছে। গাছের পাতা পচে পুকুরের পানি কালো রঙ ধারণ করেছে। সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। অবস্থাসম্পন্ন হাওলাদার বাড়ির বড় ছেলে সুশীল হাওলাদার জানান, ঝড়ে তাদের মাঠের উঠতি ফসল নষ্ট হয়ে গেছে। বাড়ির দুটি ঘরও উড়ে গেছে। এ পরিস্থিতিতে তাদের পক্ষে ভেঙ্গে পড়া গাছ ও ডালপালা সরিয়ে চুন ও পটাশ দিয়ে পুকুরের পানি পরিষ্কার করার সামর্থ্য নেই। তবে গ্রামের সবাই মিলে খরচ বহন করে পুকুরটি পরিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সুশীল হাওলাদার জানান। অন্যদিকে আগা পদ্মা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের পাশে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া গাছের মাঝে একটু পরপরই গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশুর মৃতদেহ আটকে আছে। দুর্গন্ধে আশপাশের বাতাস ভারী হয়ে আছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ এলাকায় জরুরিভিত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করা দরকার। কিন্তু ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা স্বল্প বাজেটে তা সম্ভব না। এজন্য জেলা প্রশাসন বা সরকারের উর্ধ্বতন মহলের উদ্যোগ দরকার।" এনিয়ে অনেক দেন-দরবার করেও ফল হয়নি বলে জানান সুলতান মাহমুদ। এ বিষয়ে ঝড়ের সময় দায়িত্বপালনকারী বরগুনার জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন (ত্রাণকাজ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে ১ ডিসেম্বর প্রত্যাহার করা হয়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "ভূমির গঠনগত বৈশিষ্ট্যের কারণে উপকূলীয় এলাকায় অগভীর নলকূপ বসানো যায় না। এ কারণে ঝড়ের আগে থেকেই এসব অঞ্চলে বিশুদ্ধ পানির সঙ্কট রয়েছে। তবে ঝড়ের পর প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকায় সবার জন্য স্থায়ীভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এ খাতে বরাদ্দ পাওয়া গেলে গভীর নলকূপ স্থাপন করা হবে।" শুধু আগা পদ্মা গ্রামই নয়, এই প্রতিবেদক গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গিয়ে বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখতে পেয়েছেন। ক্ষতিগ্রস্তরা ত্রাণকাজের পাশাপাশি তাদের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্গত এলাকায় ত্রাণকাজ চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে বিশুদ্ধ পানি পায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। তা না হলে দুর্গত এলাকার হাজার হাজার মানুষ বাধ্য হয়ে পুকুর ও নদী-নালার দূষিত পানি পান করতে থাকবে। এতে রোগ-বালাই মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।" এ বিষয়ে জরুরি ভিত্তিতে সরকারের ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন জামিলুর রেজা চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিাফোর ডটকম/এএনএস/এমআই/ এমএ/১৮১৮ঘ.