২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে মৎস্য ও পশুসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে উপকূলীয় জেলাগুলোতে এ পর্যন্ত মৎস্য ও পশুসম্পদ খাতে প্রায় ২০১ কোটি ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া গেছে। শুধু পশুসম্পদ খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭২ কোটি ৯৪ লাখ। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে। তবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে রোববার আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে উপকূলীয় জেলাগুলোতে এ পর্যন্ত মৎস্য ও পশুসম্পদ খাতে প্রায় ২০১ কোটি ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া গেছে। শুধু পশুসম্পদ খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭২ কোটি ৯৪ লাখ। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে। তবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে রোববার আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। এ পর্যন্ত আক্রান্ত ২৯টি জেলার মধ্যে মৎস্য সম্পদ খাতে ১১টি জেলা এবং পশুসম্পদ খাতে ১৭টি জেলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র পশুসম্পদ খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি ৭৬ লাখ টাকা। মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭২ কোটি ৯৪ লাখ টাকা। এদিকে সরকার মৎস্য ও পশুসম্পদ খাতের এ ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে গবাদি পশু-পাখি এবং মাছের সংক্রামক রোগের বিস্তার রোধ এবং চিকিৎসার জন্য এ পর্যন্ত পাঁচ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ করেছে। এছাড়াও ঘূর্ণিদুর্গত এলাকায় গবাদি পশুর কৃত্রিম প্রজননের জন্য ১৮ লাখ ৬১ হাজার টাকার শুক্রাণু বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার আংশিক এ তথ্য পাওয়া গেছে। তবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে রোববার আন্ত:মন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। মন্ত্রণালয় থেকে পাওয়া পশুসম্পদ খাতের ক্ষয়ক্ষতির চিত্রে বলা হয়েছে, ১৭টি জেলার ১১২টি উপজেলার পাঁচ হাজার ৯৩৪টি খামারের তিন কোটি ১৫ লাখ ১০ হাজার ৮৩৯টি হাঁস-মুরগি এবং ৪৮ লাখ ৮৪ হাজার ৫০৩টি গবাদিপশু ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়। এর মধ্যে ২৫ লাখ ২৭ হাজার ৮৮০টি হাঁসমুরগি এবং এক লাখ ছয় হাজার ১৮৯টি গবাদিপশু মারা গেছে। এ সময় ১৯ হাজার ৯০০ মেট্রিক টন পশুখাদ্য বিনষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক হিসেবে প্রতিটি গরু ও মহিষের মূল্য ১২ হাজার, ছাগল ও ভেড়া এক হাজার ২০০, হাঁস ৮০ টাকা ও মুরগির মূল্য ৯২ টাকা ধরা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি গবাদি পশুর খামারের ক্ষতির পরিমাণ ১৫ হাজার এবং হাঁস-মুরগির খামারের ক্ষতির পরিমাণ ১০ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পশুখাদ্যের মূল্য ধরা হয়েছে প্রতিটন ২০ হাজার টাকা। এ হিসেবে পশুসম্পদ খাতের মোট ক্ষয়ক্ষতি ১২৭ কোটি ৭৬ লাখ টাকা ধরা হয়েছে। মৎস্য সম্পদ খাতের ক্ষয়ক্ষতির চিত্রে বলা হয়েছে, ১১টি জেলার ৪২টি উপজেলায় ৪৩ হাজার ৭২১ একর আয়তনের মোট এক লাখ ৩৯ হাজার ৪৭৮টি পুকুর, দীঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচ হাজার ৭২০ দশমিক ৫৯ মেট্রিক টন মাছ, ৭৯৮ দশমিক ৮৭ মেট্রিক টন চিংড়ি এবং দুই কোটি পাঁচ লাখ ৩৮ হাজার পোনা ভেসে গেছে। জেলেদের প্রায় ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার জাল ও নৌকাসহ অন্যান্য উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মৎস্য খাতের এক কোটি ৩০ লাখ এক হাজার টাকার সরকারি এবং ৫১৯ কোটি ৭০ লাখ টাকার বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরো বলা হয়েছে, মৎস্য খাতে সরকারিভাবে শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বাকী পুরো ক্ষতিই হয়েছে বেসরকারি পর্যায়ে। এছাড়া মৎস্য উন্নয়ন কর্পোরেশনের একটি সেমি পাকা ঘর সম্পূর্ণ ও ৩০টি ঘর সম্পূর্ণসহ মোট ৩৩ লাখ ৪৭ হাজার টাকা এবং মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোকাম্মেল হক এবং পশুসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সুনীল চন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষয়ক্ষতির এ চিত্র আংশিক। প্রতিনিয়তই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। অধিদপ্তরের কেন্দ্রীয় প্রতিনিধি ছাড়াও স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে এসব ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারা জানান, উপকূলীয় জেলাগুলোতেই মূলত: বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য জেলাগুলোতে তেমন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না থাকায় এসব জেলার তথ্য সংযুক্ত করা হয়নি। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকায় দুর্গত সকল জেলার তথ্যই সংযুক্ত করা হবে। মোকাম্মেল হক বলেন, "ঘূর্ণিঝড়ে মৎস্য ও পশুসম্পদ খাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণ এবং এ ক্ষেত্রে পুনর্বাসনে সরকারের করণীয় নির্ধারণে রোববার মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএ/১৪৪০ঘ.