২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যখাতে সাড়ে ১৭ কোটি ডলার দেবে ইউএসএইড

বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহায়তার জন্য আগামী পাঁচ বছরে ১৭ কোটি ৩০ লাখ ডলার দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহায়তার জন্য আগামী পাঁচ বছরে ১৭ কোটি ৩০ লাখ ডলার দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যা সমঝোতা চুক্তির অধীনে মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, যক্ষা নির্মূল এবং এইচআইভি/এইডস মোকাবেলায় সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচিতে এ অর্থ দেওয়া হবে। এদিকে ইউএসএইডের সহকারী প্রশাসক ও সংস্থাটির বিশ্বস্বাস্থ্য ব্যুরোর প্রধান কেন্ট হিল শুক্রবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেন্ট হিল টঙ্গী ও ভালুকায় ইউএসএইডের স্বাস্থ্যপ্রকল্প পরিদর্শন করবেন। এর মধ্যে আছে সূর্যের হাসি স্বাস্থ্য ক্লিনিক, সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) খাবার স্যালাইন কারখানা ও এসএমসি ব্লু স্টার ফার্মেসি। এছাড়া তিনি ঢাকায় বাংলাদেশ এইচআইভি/এইডস কর্মসূচিও পরিদর্শন করবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউএসএইড বাংলাদেশকে পাঁচশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি এসেছে খাদ্য সহায়তা হিসেবে। চলতি বছর সংস্থাটি বাংলাদেশকে সাত কোটি ৮০ লাখ ডলার উন্নয়ন ও খাদ্য সাহায্য দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এসকে/২০৩৪ঘ.