বাগেরহাট, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী চার মাস কেউ ঋণের কিস্তি আদায় করতে আসবে না বলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ। বৃহস্পতিবার শরণখোলার সাউথখালীতে ভিজিএফ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ আশ্বাস দেন।
সাউথখালীর গাবতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ভিজিএফ কার্যক্রম উদ্বোধনকালে সেনা প্রধান বলেন, "আগামী চার মাস পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় অর্থ লগ্নীকারী কোন প্রতিষ্ঠান ঋণের কিস্তি আদায় করতে আসবে না।"
সিডরের আঘাতে দক্ষিণ সাউথখালী গ্রামের নয়টি পরিবারের নয় জনের প্রত্যেককে ক্ষতিপূরণের ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর খোঁজ খবর নেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ তালুকদার জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী সিডরের আঘাতে শরণখোলা উপজেলায় নিহতের মোট সংখ্যা ৬৫৮ জন। এর মধ্যে প্রায় ২০০ নিহতের স্বজনদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে।
সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, তার এলাকায় পাঁচ হাজার ২০০টি ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। তবে এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য তার চাহিদা ছিল ছয় হাজার চার 'শটি কার্ডের।
এই নিয়ে বাগেরহাট জেলার দুটি ইউনিয়নে ভিজিএফ কার্যক্রম উদ্বোধন হল। এর আগে ২ ডিসেম্বর মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নে ভিজিএফ কার্যক্রম চালু করা হয়।
সেনা প্রধান বিকেল পৌনে তিনটায় হেলিকপ্টারে শরণখোলার গাবতলা গ্রামে অবতরণ করেন।
প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে তিনি শরণখোলা ত্যাগ করেন।
সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত শরণখোলায় মইন উ আহমেদের এটা দ্বিতীয় সফর। এর আগে ২০ নভেম্বর তিনি সাউথখালী এলাকা পরিদর্শন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24