২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি

সিডরের মত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষার জন্য ওই এলাকার বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলো পুননির্মাণের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক, দুর্গত অঞ্চল ঘুরে এসে ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডরের মত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষার জন্য ওই এলাকার বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলো পুননির্মাণের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ। এছাড়া ইউনিয়ন পরিষদ ভবন ও স্বাস্থ্য কেন্দ্রসহ অন্যান্য সরকারি ভবনগুলোও যাতে বহুমুখী কাজে ব্যবহার করা যায় সেদিকটি বিবেচনার দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রে ঝড়ের সময় মানুষের পাশাপাশি গবাদিপশু রাখার ব্যবস্থা রাখা জরুরি বলেও তারা মনে করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক ২৪-৩০ নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় দুর্গত বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখার সময় প্রায় সব বাসিন্দাই এই দাবি জানান। স্থানীয় জেলা প্রশাসনও মনে করছে, এসব দাবি পূরণ হলে আগামীতে যে কোন ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি অনেক কমে আসবে। বিশেষজ্ঞরাও মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করা হলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যাবে। বরগুনা সদর থানার গর্জনবুনিয়া ইউনিয়নের গর্জনবুনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের করণিক মো. ইউনূছ জানান, প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে বিদ্যালয়ের একটি পাকা ও দুটি আধা পাকা টিনশেড ভবন ছিল। এর মধ্যে টিনশেড ঘর দুটির চাল এবং আসবাবপত্র সিডরের আঘাতে উড়ে গেছে। ভবন দুটির কাঠামোও জলোচ্ছাসের পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাকা ভবনটির দরজা-জানালাসহ অন্যান্য কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আশেপাশে দুই-এক কিলোমিটারের মধ্যে কোন আশ্রয়কেন্দ্র না থাকায় ঝড়ের রাতে আশপাশের গ্রামের কয়েকশ' নারী-পুরুষ ও শিশু স্কুলের সঙ্গে লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রের ছোট দ্বিতল ভবনের দ্বিতীয় তলা ও ছাদে গাদাগাদি করে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও স্থান সংকুলন না হওয়ায় প্রায় দুইশ' নারী, পুরুষ ও শিশু উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ছাদে আশ্রয় নেয়। জলোচ্ছ্বাসের তোড়ে তারা মরতে মরতে শেষ পর্যন্ত রক্ষা পান। ইউনূছ বলেন, "বাতাস আর পানির তোড়ে স্কুলের দুইডা বিল্ডিং প্রায় উইড়া গেছে। আর ক্লিনিকের বিল্ডিংডাও (স্বাস্থ্য কেন্দ্র) কোন সময় ভাইঙ্গা পড়ে আল্লাই জানে। শুনছি স্কুলের বিল্ডিং সরকার আবার বানাইয়া দিবো। তো হেইগুলান শুধু স্কুল না বানাইয়া ঝড়ের সময় যাতে গ্রামের মানুষও আশ্রয় নিবার পারে হেই ব্যবস্থা করা উচিত। তাইলে আর সাইক্লোন সেন্টার বানন লাগবো না। এতে সরকারেরও লাভ, আর আমাগোও লাভ।" বরগুনা সদর থানার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার আকন্দ (৭০) বলেন, "সদর থানার ৬০ টি মাদ্রাসা এবং ৬০টি বিদ্যালয় পুরোপুরি বিধস্ত হয়েছে। শোনা যাচ্ছে সরকার আরও কয়েক হাজার নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করবে। নতুন করে সাইক্লোন সেন্টার তৈরি না করে বিধ্বস্ত স্কুল গুলোকেই এমনভাবে তৈরি করা হোক, যাতে বিপদের সময় মানুষ আশ্রয় নিতে পারে।" তিনি জানান, ইতোমধ্যে শিক্ষকদের পক্ষ থেকে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে তারা আশ্রয়কেন্দ্রে মানুষের পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থা করারও দাবি জানান। তা না হলে উপকূলীয় অঞ্চলের ওই দরিদ্র মানুষেরা আশ্রয়কেন্দ্রে আসতে উৎসাহ পাবেন না বলে তারা মনে করেন। ঘূর্ণিঝড়ের সময় দায়িত্বে থাকা (পরে প্রত্যাহার করা) বরগুনার জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধুমাত্র বরগুনা জেলাতেই ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধস্ত এবং ৫৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ পরিস্থিতিতে পুরোপুরি বিধস্ত ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান পুননির্মাণের সময় ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা যেতে পারে। এতে করে খরচের তেমন একটা তারতম্য হবে না।" আলতাফ হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুর্যোগ প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জানান, ১৯৯২-৯৩ অর্থবছরে তৎকালীন পরিকল্পনা কমিশনের উদ্যোগে এবং ইউএনডিপির অর্থায়নে ও বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুপারিশ প্রণয়নের জন্য একটি সমীক্ষা দল গঠন করা হয়। সমীক্ষা দলের সুপারিশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরির পাশাপাশি নতুন স্কুল ভবন বানানোর সময় ক্ষেত্রে বিশেষ নকশা অনুসরণ করার সুপারিশ করা হয়েছিল। যাতে ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার পর দুই বা তিন দিনের মধ্যে ওই ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু তাদের সুপারিশের আংশিক বাস্তবায়ন করা হয় বলে তিনি জানান। জামিলুর রেজা চৌধুরী বলেন, "সুপারিশটি পুরো বাস্তবায়ন করা হলে সিডরের আঘাতে প্রাণহানি অনেক কম হতো।" তিনি আরও বলেন, "শুধু আশ্রয়কেন্দ্র তৈরি করলেই সেখানে লোকজন যাবে না। এর সঙ্গে গবাদি পশুর থাকারও ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে মাটির উঁচু কিল্লা (টিলা জাতীয়) তৈরী করে তার উপর একতলা স্কুল ভবন নির্মাণ করা যেতে পারে।" জামিলুর রেজা চৌধুরী বলেন, "আগামীতে প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে রাখতে আরও কমপক্ষে দুই হাজার স্কুল-কাম শেল্টার হোম এবং এর কাছাকাছি তিন হাজার মাটির কিল্লা তৈরি করতে হবে। এতে মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে উৎসাহী হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/জিএনএ/১৬০০ ঘ.