২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিষখালী নদীতে বেড়েছে কার্বন-ডাই-অক্সাইড ও লবণাক্ততা

ঘূর্ণিঝড় সিডরে বিষখালী নদীর পানিতে কার্বন-ডাই-অক্সাইড ও লবণাক্ততা বেড়ে গেছে। এছাড়া, জলোচ্ছ্বাসে উপকূলের পুকুর-জলাশয়গুলোতে সমুদ্রের পানি ঢুকে মাছসহ জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে বিষখালী নদীর পানিতে কার্বন-ডাই-অক্সাইড ও লবণাক্ততা বেড়ে গেছে। এছাড়া, জলোচ্ছ্বাসে উপকূলের পুকুর-জলাশয়গুলোতে সমুদ্রের পানি ঢুকে মাছসহ জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের জলজ প্রাণীর উপর সিডরের প্রভাব সম্পর্কে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর কেন্দ্রের একটি দল ১০ দিন গবেষণা চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে। চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. কামাল উদ্দিন আহমদের নেতৃত্বে ১২ জন গবেষক এই গবেষণায় অংশ নেন। দলটি চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, বরিশাল, হিজলা, কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ চালায়। কামাল উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝালকাঠি থেকে পাথরঘাটা পর্যন্ত ১২০ কিলোমিটার বিষখালী নদী। সিডরের পর অসংখ্য মৃত পশু, মাছ ভাসছে সেখানে। এ কারণে নদীটিতে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে গেছে।" তবে চাঁদপুরসহ অন্য এলাকার বড়-বড় নদীতে আশঙ্কার চেয়ে কম ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, গবেষণায় ইলিশ ও এর পোনা উৎপাদনের সিডরের প্রভাব ধরা পড়েনি। তবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক হারে জাটকা নিধনের আশঙ্কা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/টিএইচ/এসএনডি/২০৫৫ ঘ.