২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের ২০ দিন পর আটটি লাশ উদ্ধার

ঘুর্ণিঝড় সিডরের আঘাতের ২০ দিন পর বাগেরহাটের শরণখোলা ও বরগুনায় আটটি লাশ পাওয়া গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, বুধবার শরণখোলার সাউথখালী ইউনিয়নে পাঁচটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এর মধ্যে চার জনই শিশু। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরের আঘাতের ২০ দিন পর বাগেরহাটের শরণখোলা ও বরগুনায় আটটি লাশ পাওয়া গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বাগেরহাট প্রতিনিধি জানান, বুধবার শরণখোলার সাউথখালী ইউনিয়নে পাঁচটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এর মধ্যে চার জনই শিশু। সরেজমিনে গিয়ে দেখা যায়, পান্না ফরাজির দেড় বছরের শিশু ইয়াছিনের লাশ পাওয়া যায় উত্তর সাউথখালীর একটি ধানক্ষেত থেকে। একই গ্রামের আব্দুল জালালের ঘরের ধ্বংসস্তূপের ভেতর পাওয়া যায় আজিমন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ। দুপুরে দক্ষিণ সাউথখালীর একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। চাল রায়েন্দা গ্রামের ধানক্ষেত থেকে কারিমা (৮) ও দক্ষিণ সোনাতলা গ্রামের ধানক্ষেত থেকে সোহেল (১৩) নামে আরো দুটি শিশুর লাশ পাওয়া যায় বলে জানান সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি বলেন, "গত ২৪ ঘণ্টায় এ ইউনিয়নে মোট পাঁচটি লাশ পাওয়া গেলো।" ওই ইউনিয়নের কয়েকশ লোক এখনো নিখোঁজ বলে দাবি করেন চেয়ারম্যান। নতুন উদ্ধার হওয়া লাশগুলো নিয়ে ঝড়ের পর শরণখোলা উপজেলায় মোট ৬৬০টি লাশ উদ্ধার হলো। বাগেরহাট জেলায় লাশের সংখ্যা দাঁড়ালো ৭৯২। বরগুনা প্রতিনিধি জানান, বুধবার দুপুরে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা এলাকায় ধান ক্ষেত থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সাংবাদিক মোশাররফ হোসেন জানান, লাশগুলো পেয়ে গ্রামের লোকজন তাকে জানায়। তখন তিনি প্রশাসনকে খবর দেন। পরে দমকলকর্মীরা গিয়ে লাশগুলো উদ্ধার করে। তিনি জানান, লাশগুলো গলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি। তাই উদ্ধারের পর গ্রামেই লাশগুলো দাফন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.