বরগুনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনায় রোববার সকালে ত্রাণের দাবিতে বিক্ষোভ করার সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, জরুরি বিধিমালা ভঙ্গ করার অভিযোগে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার পর গ্রামবাসীরা অনশন শুরু করলে তাদের ত্রাণ দিয়ে শান্ত করা হয়।
সকাল ৯টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা, সোনারবাংলা, আমতলী, ছোট বদরখালী ও বাইশস্তবক গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ত্রাণের দাবিতে সম্মিলিতভাবে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ব্যানার নিয়ে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি দেওয়ার জন্য রওনা হয়। তবে কিছুদূর যেতেই খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১১টার দিকে পুলিশ তাদের আটকে দেয় এবং ১২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাকির হোসেন-১, হারুনুর রশিদ মাস্টার, আব্দুর রহমান, সুশান্ত মাঝি, তুহিন, জাকির হোসেন-২, হুমায়ুন কবির, রুবেল, মানিক রায়, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হক মাস্টার ও জসিমউদ্দিন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আলী সাংবাদিকদের জানান, জরুরি বিধিমালা ভঙ্গ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিকাল পর্যন্ত গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়া হয়নি।
এদিকে ১২ জনকে গ্রেপ্তারের পরপর বিক্ষুব্ধ গ্রামবাসীরা খেজুরতলা বিদ্যালয় মাঠে অনশন শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হলেও তারা আগে সঙ্গীদের মুক্তি দাবি করতে থাকে।
পরে নৌবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের শান্ত করেন। ত্রাণপ্রার্থী প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হলে বেশিরভাগ গ্রামবাসী অবস্থান কর্মসূচি ত্যাগ করেন।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ঘূর্ণিঝড়ে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ পর্যন্ত খুব কম সংখ্যক পরিবারই ত্রাণ পেয়েছেন। যারা পেয়েছেন তারাও তিন থেকে চার কেজি চাল কেবল একবারই পেয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় একই দাবিতে বরগুনার চরকলোনি ও উকিলপট্টি এলাকার শতাধিক নারী-পুরুষ স্থানীয় নৌ ক্যাম্পে যাওয়ার পথে শাহিন ও জাকির নামের আরো দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
ত্রাণের দাবিতে গৌরিচন্না ইউনিয়নবাসী গত সপ্তাহে দুদিন বিক্ষোভ করে। এর পর শুক্রবার যোগাযোগ উপদেষ্টা ওই এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন।
এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কাজ পরিচালনায় ব্যর্থতার জন্য বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ আলতাফ হোসেনকে শনিবার প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24