ঢাকা, নভেম্বর ৩০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য শুক্রবার বিশ্ব খাদ্য সংস্থাকে (ডব্লিউএফপি) আরও ৫০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সাহায্য সংস্থা- ইউএসএআইডি এর মাধ্যমে দেশটি এ অর্থ দেবে। ইউএসএইড-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে এ সাহায্য ঘোষণা করায় ঘূণিঝড় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা ও দ্রুত পুনর্বাসন কাজে ইউএসএআইডি এর সাহায্যের পরিমাণ দাঁড়ালো এক কোটি ৯৫ লাখ ডলারের বেশি।
ডব্লিউএফপি বাংলাদেশে জরুরি কার্যক্রমের আওতায় ২২ লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা দেবে। একইসঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবন ও জীবিকায় ফিরিয়ে আনতে সহায়তা করবে।
ইউএসএআইডি এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার বহু আগে থেকে যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা 'দূর্যোগ মোকাবেলা ও হ্রাস কর্মসূচি' শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের পরের দিন থেকেই যুক্তরাষ্ট্র ইউএসএআইডি'র মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমম্বয় করে জরুরি সাহায্য দেওয়া শুরু করেছে।
ঢাকায় মার্কিন দূতাবাস, ইউএসএআইডি, মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউএসএআইডি'র 'দুর্যোগ সহায়তা সাড়াদান দল' (ডার্ট) তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।
দুর্গতদের মাঝে মার্কিন নৌবাহিনী ও মেরিন কোর ত্রাণ সরবরাহে সহায়তা দিয়ে যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/
bdnews24