বরগুনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দু'সপ্তাহেও দু'মুঠো ভাতের নিশ্চয়তা না পেয়ে আত্মহত্যাকেই শ্রেয় মনে হচ্ছে সিডর-দুর্গত কৃষক হযরত আলী হাওলাদারের কাছে। ঝড়ে সর্বস্বান্ত ৭০ বছর বয়সী এ কৃষক এখনো ত্রাণ না পেয়ে দু'চোখে অন্ধকার দেখছেন।
সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামের হযরত আলী বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙে পড়েন। হযরত জানান, ঝড়ের আগেও তিনি ছিলেন মোটামুটি সচ্ছল। ১৫ নভেম্বরের আগে তার জমি ভরে ছিল সবুজ ধান। কিন্তু সিডর ক্ষেতের ফসল, বাড়ি সবই কেড়ে নিয়েছে। এক রাতের মধ্যে পুরোপুরি নিঃস্ব হয়েছেন তিনি।
অঝোর কান্নায় ভেঙে পরে হযরত আলী বলেন, "এক সময় ঘর-জমি থাহায় কেউ মোগো এহন সাহায্যও দেয় না। কেউর ধারে হাত পাততেও পারি না। বাবা, বইন্যার পর থেককা তাই পরিবারের সবাই আমরা প্রায় উপাস রইছি।"
হতাশ কণ্ঠে তিনি বলেন, "গরিবরে মানুষ খাইতে দেয়, কিন্তু আমাগো মতো মানুষগো কী হইব? এই ভাবে তো আর বাঁচতে পারি না। আমনেরা এর চাইতে মোরে বিষ দেন। তাই কাইয়া মইরা যাই।"
এই বৃদ্ধের প্রতিবেশী এক ভিখারী বুধবার ত্রাণের কিছু চাল সংগ্রহ করতে পেরেছেন। সেই চাল দিয়েই সিডর আঘাত হানার পর বুধবার দুপুরে প্রথম ভাত খেতে পেরেছে হযরত আলীর পরিবার।
হযরত আলী বলেন, গত নির্বাচনে বর্তমান ইউপি চেয়ারম্যানের বিরোধিতা করেছেন বলে তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না বলেই মনে করেন তিনি। এজন্য সেখানে যাননি তিনি।
অসহায় এ বৃদ্ধকে প্রেসক্লাবের সাংবাদিকরা গত ইউপি চেয়ারম্যান নির্বাচনে পরাজিত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কাছে যাওয়ার পরামর্শ দেন। এতে কিছুটা আশ্বস্ত হয়ে দুপুরের পর চলে যান হযরত আলী।
সন্ধ্যার পর গোলাম কিবরিয়া টিপুকে টেলিফোন করা হলে তিনি জানান, হযরত আলী তার কাছে এসেছিলেন। তাকে কিছু চাল দিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এসকে/২০২২ঘ.
bdnews24