বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
বরগুনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) আশা ঘূর্ণিঝড় বিধ্বস্ত জেলাগুলোতে গ্রাহকদের নতুন করে ঋণ দেওয়া শুরু করলেও গ্রাহকরা অভিযোগ করেছেন, আগের ঋণের টাকা আদায়ের জন্যই এ কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে আশার স্থানীয় কার্যালয় দাবি করেছে ওই ঋণ দেওয়া হচ্ছে গ্রাহকদের পুনর্বাসনের জন্য সহায়তা হিসেবে।
গ্রাহকদের অভিযোগ, ঘূর্ণিঝড়ের পর প্রথম এক সপ্তাহ এনজিওগুলোর মাঠকর্মীরা সাপ্তাহিক ঋণের কিস্তি নিতে না এলেও দ্বিতীয় সপ্তাহ থেকেই কিস্তি পরিশোধের জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া শুরু করেছে তারা। কিস্তির টাকা না দিলে বিধস্ত ঘর থেকে টিন খুলে নেওয়া বা পুলিশে ধরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। দুর্গত এলাকা থেকে লিখেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজীব।
মাঠপর্যায়ে এ ধরনের বহু অভিযোগ পাওয়া গেলেও আশার আঞ্চলিক কার্যালয় থেকে উল্টোটাই দাবি করা হয়েছে।
আশার বরগুনা সদর থানা অঞ্চল-১ এর ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, ঘূর্ণিঝড়ের পর দুর্গত এলাকার গ্রাহকদের মাথাপিছু যে এক থেকে দুই হাজার টাকা করে দেওয়া হচ্ছে তা আগের ঋণের কিস্তি শোধের জন্য নয়। এটা দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়- পরবর্তী সহায়তা হিসেবে।
আশার গ্রাহকরা জানিয়েছেন, সংস্থাটি তাদের নতুন করে এক থেকে দুই হাজার টাকা ঋণ দিলেও মাঠকর্মীরা তাদের বলেছে, এই ঋণের টাকা থেকেই আগের ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হবে। নতুন ঋণের টাকার জন্য কোনো সুদ নেওয়া হবে না, তবে আগের ঋণের কিস্তির টাকা সুদসহ যথারীতি পরিশোধ করতে হবে। এর সঙ্গে নতুন ঋণের কিস্তি হিসেবে সাপ্তাহিক ২০ টাকা করে যোগ হবে।
গত রবি থেকে বুধবার পর্যন্ত বরগুনা ও পটুয়াখালীর দুর্গত এলাকাগুলো ঘুরে শতাধিক ঋণ গৃহীতার সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানতে পেরেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক।
রোববার সকালে কথা হয় বরগুনা সদর উপজেলার নিমতলীর চরের বাসিন্দা রীনা বেগমের সঙ্গে। রীনা জানান, প্রায় তিন মাস আগে গ্রামীণ ব্যাংক থেকে ৮ হাজার টাকা ঋণ নিয়ে স্বামী জাহাঙ্গীরকে তিনি একটি রিক্সা কিনে দিয়েছিলেন। আর সপ্তাহে দুইশ টাকার কিস্তিতে আশা থেকে ৮ হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভী কিনেছিলেন। ১৫ নভেম্বর ঝড়ের রাতে গাভীটা গেছে ভেসে, আর ঝড়ের পর পেট বাঁচাতে ক্ষতিগ্রস্ত রিক্সাটিও বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তারা।
রীনা বেগম বলেন, "মোর গরুডা দুই-আড়াই কেজি দুধ দেতে। হেইডা বেইচ্চা কিস্তি দেতাম। ঝড়ে মোর গরুডাও নেলে রিক্সাও গেলে। অহন পোলা-মাইয়া লইয়া কী খাইয়া বাঁচুম!"
কাঁদতে কাঁদতে তিনি জানান, ঝড়ে সর্বস্ব খুইয়ে ঋণের কিস্তি পরিশেধের মতো অবস্থা তার নেই। এনজিও আশার কর্মীরা এসে নতুন ঋণ নিয়ে তাকে আগের ঋণের কিস্তি পরিশোধ করতে বলেছে। কিস্তি না দিলে ঝড়ে ভেঙে পড়া ঘরের টিন খুলে নিয়ে যাওয়া হবে বলেও সাবধান করে দিয়েছে তারা।
রীনা বেগম জানান, ঝড়ের পর প্রথম সপ্তাহে কোনো এনজিও কর্মীকে এলাকায় দেখা না গেলেও দ্বিতীয় সপ্তাহ থেকেই তারা কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি যেতে শুরু করেছে। এর মধ্যে গ্রামীণ ব্যাংকের কর্মীরা সোমবার তাদের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে বৈঠকে অংশ নিতে বলেছে। ওই বৈঠকে আলোচনা সাপেক্ষে ঋণের কিস্তি পরিশোধের পরবর্তী তারিখ ঠিক করা হবে বলে তাকে জানিয়েছে মাঠকর্মীরা। আর আশার কর্মীরা জানিয়েছে, শনিবার তারা আবার আসবে।
একই গ্রামের বাসিন্দা শাহীনূর বেগম জানান, তিনিও গ্রামীণ ব্যাংক ও আশা থেকে ৮ হাজার টাকা করে ঋণ নিয়ে ঘর তুলেছিলেন এবং স্বামী হাকিম আলীকে একটি ধান মাড়াইয়ের মেশিন কিনে দিয়েছিলেন। ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙে গেছে। আর ধান মাড়াইয়ের মেশিনটিও বিকল হয়ে গেছে।
হালিমা বেগম (৫০) আশা থেকে ৫ হাজার টাকা আর আরডিএফ থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে একটি মুদি দোকান করেছিলেন আর পুকুরে মাছ ছেড়েছিলেন। সর্বনাশা ঝড় দোকানটি উড়িয়ে নিয়ে নদীতে ফেলেছে। পুকুরের মাছ গেছে ভেসে। কিস্তির টাকা পরিশোধের ভয়ে এখন বরগুনা-পাথরঘাটা সড়কের পাশে ঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন।
ওই গ্রামেরই রশীদা বেগম, সুরমা বেগমসহ আরো অনেক নারীই একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ঝড়ে সব হারালেও ঋণের দায় বইতেই হচ্ছে। আশার বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তারাও। এনজিও সংগ্রামের কর্মীরা কিছু ত্রাণ দিলেও কোডেকের কর্মীরাও কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে।
বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া গ্রামের আলো বেগম জানান, ঝড়ের মাত্র এক মাস আগে আশা থেকে ৭ হাজার ও স্বনির্ভর থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ঋণের টাকায় গর্জনবুনিয়া বাজারে স্বামী হাকিমকে নিয়ে একটি 'ভাতের হোটেল' দিয়েছিলেন। ঝড়ের রাতে বাড়ি ভেঙে গেছে, হোটেলের চালাও উড়ে গেছে। টিন কুড়িয়ে এনে কোনমতে জোড়া দিয়ে এখন স্বামী আর তিন ছেলে-মেয়েকে নিয়ে হোটেলেই রাত পার করছেন আলো বেগম।
আলো বলেন, "ঝড়ের পর সপ্তাখানেক পার হইতে না হইতেই আশার কর্মীরা আইস্যা নতুন কইরা ট্যাকা নিয়া কিস্তি দেতে কইছে। না হইলে হ্যারা নাকি পুলিশে ধরাইয়া দিবো।"
পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বুধবার কথা হয় কোহিনূর বেগমের সঙ্গে। আন্ধারমানিক, সোনাতলা ও মহীপুর নদীর মোহনায় এই প্রত্যন্ত গ্রামের অধিকাংশ পরিবারই মাছ ধরে পেট চালায়। ঘূর্ণিঝড় সিডরে গ্রামটির ৯০ ভাগ ঘরই পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোহিনূর বেগম জানান, স্বামী সালাম মুন্সী আড়াই বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। এখন পরের জমিতে ধান কেটে আর নিজের সামান্য জমিতে সবজি চাষ করে ছেলে-মেয়েকে নিয়ে সংসার চালান তিনি। মাস তিনেক আগে আশা থেকে ৭ হাজার টাকা ঋণ নিয়ে নিজের ছোট্ট পুকুরে কিছু মাছ ছেড়েছিলেন, আর ঘর ঠিক করিয়েছিলেন। ঝড়ের রাতে ঘরটি সম্পূর্ণ ধসে গেছে। পুকুরের সব মাছ নদীতে ভেসে গেছে। এখন একপেটা আধপেটা খেয়ে দিন চলছে তার। এর মধ্যে আশার কর্মীরা এ সপ্তাহের শুরুতে এসে ঋণ পরিশোধের জন্য তাড়া দিয়ে গেছে। কিস্তি পরিশোধের টাকা নেই জানানোর পর নতুন করে ঋণ নিয়ে কিস্তি পরিশোধের কথা বলেছে তারা। এ অবস্থায় কী করা উচিৎ ভেবে পাচ্ছেন না কোহিনূর।
আশার বরগুনা সদর থানা অঞ্চল-১ এর ব্যবস্থাপক নাসিরউদ্দিন সদস্যদের অভিযোগ খণ্ডন করে বলেন, "এই টাকা দেওয়া হচ্ছে বসতভিটা নির্মাণ বা রিক্সা কেনার জন্য। ঋণ নেওয়ার তিন মাস পর থেকে সপ্তাহে বিশ টাকা করে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। এ জন্য কোনো সুদ দিতে হবে না।"
আশার বরগুনা জেলা ব্যবস্থাপক মো. রিয়াজউদ্দিন বলেন, "ঘূণিঝড় সিডর আঘাত আনার পর দুর্গত এলাকায় আগের ঋণের কিস্তি আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া গ্রাহকদের সুবিধার কথা ভেবে তাদের সঞ্চয়ের পুরো টাকাই ফেরত দেওয়া হচ্ছে।"
রিয়াজউদ্দিন আরও দাবি করেন, দুর্গত এলাকার গ্রাহকদের মধ্যে বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে আশা। তবে বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে আশার এমন একজন গ্রাহকও খুঁজে পাওয়া যায়নি যারা এ ধরনের সহায়তা পেয়েছেন।
ওই আশা কর্মকর্তা জানান, পুরো বরগুনা জেলায় আশার ক্ষুদ্রঋণ গ্রাহকের সংখ্যা ৫০ হাজার ৮০৮ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এসএনডি/এসকে/২০১৫ঘ.
bdnews24