ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিডর আক্রান্তদের সহায়তা করার জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলস কনস্যুলেট অফিস তিন কোটি পঞ্চাশ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছে।
বুধবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিডরের আঘাতের পরপরই বাংলাদেশের দূতাবাস সহায়তার জন্য সমন্বয় সেল গঠন করে এবং সাহায্যের জন্য প্রবাসী বাংলাদেশী সমাজের সদস্যদের প্রতি আহ্বান জানায়। আহবানে সাড়া দিয়ে অনেক বাংলাদেশী ও বাংলাদেশের শুভানুধ্যায়ীরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান শুরু করে।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলসের কনস্যুলেট অফিস যৌথভাবে তহবিল সংগ্রহের কার্যক্রম পরিচালনা করছে।
সংগৃহীত অর্থ তারা যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৪৪৫ঘ.
bdnews24