বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ অঞ্চলে এবার বিজয় দিবস সাদামাটাভাবে পালন করা হবে। ওইদিন কোনো আলোক সজ্জা বা আলোচনা সভা থাকবে না।
বুধবার বরিশাল জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত বিভাগীয় পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় উপদ্রত এলাকায় বিজয় দিবসে সব ধরনের আলোক সজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে।
ওই দিন শুধু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত কুচকাওয়াজের মধ্যেই বিজয় উৎসব সীমা বদ্ধ থাকবে।
এছাড়া, বিজয় দিবসে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া ও প্রার্থনা করা হবে। একইসঙ্গে উন্নত খাবার পরিবেশন করা হবে জেলখানা ও এতিমখানায়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত কুচকাওয়াজের মধ্যেই এবারের মহান বিজয় দিবসের অনুষ্ঠান সীমাবদ্ধ থাকছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24