ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গতদের সাহায্যে আরো তিন লাখ ডলার দেওয়ার কথা জানিয়েছে সুইজারল্যান্ড। এর ফলে সুইজারল্যান্ডের মোট সাহায্যের পরিমাণ দাঁড়ালো চার লাখ ৬০ হাজার ডলার।
বুধবার সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অতিরিক্ত এই তিন লাখ ডলার দিয়ে খুলনা ও বাগেরহাট জেলার দুর্গতদের জন্য খাদ্য, কাপড় ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে। স্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা আশ্রয় ও রূপান্তরের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। সুইজারল্যান্ড সরকারের একজন প্রতিনিধি ত্রাণ কার্যক্রমে সহায়তা করবেন।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্র থেকে চারটি পানি বিশোধন প্ল্যান্ট স্থাপণের সরঞ্জাম, বিশুদ্ধ পানি রাখার পাত্র ও ১০ হাজার কম্বল এসেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব মিয়া ও যুক্তরাষ্ট্রের চার্জ দা অ্যাফেয়ার্স গিতা পাসি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সামগ্রী পরিদর্শন করেন। এসব সরঞ্জাম বরিশাল পাঠানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২০৩৯ ঘ.
bdnews24