২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান নৌপ্রধানের

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সারোয়ার জাহান নিজাম। বুধবার সকালে বরগুনায় ঘূর্ণিদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, "নৈতিক ও মানবিক দায়িত্ব নিয়ে দেশের সবাইকে দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বরিশাল/বরগুনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সারোয়ার জাহান নিজাম। বুধবার সকালে বরগুনায় ঘূর্ণিদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, "নৈতিক ও মানবিক দায়িত্ব নিয়ে দেশের সবাইকে দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।" ত্রাণ তৎপরতায় সাধারণ মানুষকে প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। তিনি বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ন প্রকল্পের ৪৮০ পরিবারকে খাদ্য ও শীতবস্ত্রসহ বিভিন্ন ত্রাণ-সামগ্রী দেন। বিকালে বরিশালে এক সংবাদ সম্মেলনে নৌপ্রধান বলেন, "আমি দুবলার চর এবং বরগুনা ঘুরে এসেছি। ওই সব এলাকার ৯৫ ভাগ লোকই ঝড়ের ধাক্কা সামলে উঠে নতুন করে ঘর বাঁধতে শুরু করেছেন।" দুর্গত এলাকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "মাছের আড়ৎদাররা মাছ শিকারের জন্য জেলেদেরকে পাচ্ছে না। আশা করছি, কয়েক দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত জেলেরা তাদের বিধ্বস্ত ঘরগুলো ঠিকঠাক করে নতুন করে কাজে নামবে।" দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নৌবাহিনীর পক্ষ থেকে দুবলারচর ও বরগুনায় ক্ষতিগ্রস্তদের ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান। ওই এলাকার জন্য আরো ৩০০টি কম্বল জরুরি ভিত্তিতে বরাদ্দ দেয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবার আশ্বাস দিয়ে তিনি বলেন, "কয়েক দিনের মধ্যে উপদ্রুত এলাকার অবস্থা স্বাভাবিক হয়ে আসবেন বলে আমি আশা করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এমআই/১৯৪৭ ঘ.