ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সশস্ত্র বাহিনী বিভাগ তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছে, বুধবার ৩২ টন ত্রাণসামগ্রী দেওয়ার মধ্য দিয়ে এ পর্যন্ত ১ হাজার ২৭৭ টন জরুরি ত্রাণ দুর্গতদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের জেনারেল ষ্টাফ অফিসার -১ লে.কর্নেল ফারুক হোসাইন বুধবার সন্ধ্যায় আয়োজিত ব্রিফিঙে বলেন, বুধবার ত্রাণ দেওয়ার পর তাদের কাছে প্রায় ৯০টন ত্রাণ মওজুদ আছে।
ফারুক হোসাইন জানান, চীন ১ হাজার টন চাল দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই চাল বাংলাদেশে এসে পৌঁছবে। এ পর্যন্ত ১০টি দেশ ত্রাণ সাহায্য দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিফিঙে জানানো হয়, এ পর্যন্ত ফ্রান্স ২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট, ভারত প্রায় ৮০ টন চাল,ওষুধ,পানির ফিল্টার,তাঁবু,কম্বল,ইটালি ২ দফায় জেনারেটর, তাঁবু,পানির ট্যাংক,কম্বল, রান্নার জন্য তৈজসপত্র, জাপান জেনারেটর, কম্বল,পানির ট্যাংক, তাঁবু, তোষক,পাকিস্তান তাঁবু, চাল, শিশু খাদ্য, ওষুধ, স্থানান্তরযোগ্য হাসপাতাল, সৌদি আরব ৯৫ টন বিভিন্ন ত্রাণসামগ্রী, স্পেন তাঁবু, ওষুধ, যুক্তরাষ্ট্র শুকনা খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ প্লান্ট,মেডিকেল টিম এবং থাইল্যান্ড চাল ও ওষুধ পাঠিয়েছে।
লে.কর্নেল ফারুক জানান, পাথরঘাটা এবং শরণখোলায় ফ্রান্সের দেওয়া ২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসানোর কাজ বুধবারই শুরু হয়েছে।
বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার পর্যন্ত তা ছিল ৩ হাজার ২৪৬।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৯৫২ঘ.
bdnews24