বরগুনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের দাবিতে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের উত্তর খাজুরতলা গ্রামের ৫০০ নারী-পুরুষ-শিশু বরগুনা প্রেস ক্লাবের সামনে বুধবার বিক্ষোভ করেছে।
'বেঁচে আছি বন্যায়, এবার বুঝি মারা যাই-অবিলম্বে ভাত, কাপড় ও ওষুধ চাই'- লেখা ব্যানার নিয়ে সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় তারা। তাদের দাবি, ঘূর্ণিঝড়ের পর একদিন মাত্র তাদের এলাকায় ত্রাণ বিতরণ হয়েছে। তাও সবাই পায়নি।
এদিকে এনিয়ে অসহায়ত্ব প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে টুকু ত্রাণ বরাদ্দ এসেছে সব বিতরণ করা হয়ে গেছে। এ মুহূর্তে বরাদ্দ করার মতো কোনো ত্রাণ আমার কাছে নেই।"
পরে গ্রামের একটি প্রতিনিধি দল ইউএনও এর সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়ার কথা জানালে তিনি বৃহস্পতিবারের মধ্যে ওই এলাকায় ত্রাণ পাঠানোর আশ্বাস দেন। এরপর দুপুর দেড়টার দিকে অবস্থান কর্মসূচি শেষ করে গ্রামে ফিরে যায় উত্তর খেজুরতলার বাসিন্দারা।
বিষখালী নদী বেষ্টিত দুর্গম এলাকা খাজুরতলা গ্রামের বাসিন্দারা জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তারা ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী হারুনূর রশীদ বলেন, "ঝড়ের সাত দিন পর আমাদের এলাকায় একবার ত্রাণ বিতরণ করা হয়। এরপর সরকারি-বেসরকারি কোনো ত্রাণই সেখানে যায়নি। আর দেড় কেজি করে যে চাল বিতরণ করা হয় তাও সবার ভাগ্যে জোটেনি।"
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও তাদের খোঁজ-খবর নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।
বিক্ষোভরত কৃষক অমল চন্দ্র বিশ্বাস বলেন, "মোর ঘর-দোর নাই। গাছ-গাছালি পইড়া গেছে। মাডিতে ফসল হইব না। মুই এখন কী খাইয়া বাঁচমু কও।"
গ্রামবাসীর বিক্ষোভে একাত্ম হয়েছেন ওই ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মঞ্জু আরা বেগম। তার অভিযোগ, চেয়ারম্যান ওই এলাকায় বিতরণের জন্য তাকেও কোনো চাল দেয়নি।
তাই দুর্গতদের সঙ্গে তিনি বিক্ষোভে শামিল বলে জানালেন।
সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান অবস্থান ধর্মঘটস্থলে এলে গ্রামবাসী তার দিকে তেড়ে যায়।
মাহমুদুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২৫০ কেজি চাল বরাদ্দ পেয়েছিলাম। আমাকে বলা হয়েছিলো, বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় তা বিতরণ করতে। আমি সে অনুযায়ীই তা বিতরণ করেছি।"
বরাদ্দ না পেলে আমার কী করার আছে
bdnews24