ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডরে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ত্রাণ পৌঁছে দিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র বাহিনী বিভাগ ।
মঙ্গলবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী বিভাগে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জেনারেল স্টাফ অফিসার -২ মেজর জেএম ইমদাদুল ইসলাম এ কথা জানান।
মেজর জেএম ইমদাদুল ইসলাম বলেন, তারা ত্রাণ সামগ্রী নিয়ে প্রতিটি এলাকাতেই পৌছাঁতে পেরেছেন। তবে সমন্বয়ের সমস্যার কারণে এখনো কিছু জায়গায় ত্রাণ না পৌঁছে থাকতে পারে যা শিগগিরই ঠিক হয়ে যাবে।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৭৮৩ টন জরুরি ত্রাণ দুর্গতদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে মার্কিন সৈন্যরা তাদের জাহাজে থাকা প্লান্ট থেকে বিশুদ্ধ করা পানি সরবরাহ করেছে দুর্গতের মধ্যে ।
মেজর ইমদাদ জানান, সৌদি আরব ও থাইল্যান্ড থেকে মঙ্গলবার পর্যন্ত ১৮৫ টন ত্রাণ পাওয়া গেছে। মঙ্গলবার ঢাকা থেকে ১০ হাজার লিটার পানি দুর্গতের জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা জাহাজ 'কিয়ারসার্জ' এ সমুদ্রের পানি পানযোগ্য করে তোলার বিশেষ প্লান্ট রয়েছে। এই প্লান্টে প্রতিদিন ১৫ হাজার লিটার পানি পানযোগ্য করা যায়। মার্কিন সেনারা প্লান্টটি থেকে তৈরি পানি দুর্গতদের দিচ্ছে। বুধবার তারা বাংলাদেশে সংগৃহীত ত্রাণ সরবরাহের কাজ শুরু করবে।
ইমদাদুল ইসলাম বলেন, কেউ ত্রাণ পাচ্ছেনা আবার কেউ একাধিকবার পাচ্ছে- এমন অবস্থা যেন না হয় এজন্য ত্রাণের বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগ সমন্বয় করছে। এক্ষেত্রে জেলা-উপজেলার সরকারি পর্যায়ের সংশ্লিষ্টদের সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি জানান, মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৩ হাজার ২৪৩ জন। আহত ৩৯ হাজার ৭৫৬ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে সোমবারের মতো মঙ্গলবারও মার্কিন সেনা লে. কর্নেল রিগ্যান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "সিডরে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্যই আমরা এসেছি। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএআর/এসকে/২১১১ঘ.
bdnews24