২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

"মার্কিন রণতরী প্রয়োজনের চেয়ে এক দিনও বেশি থাকবে না"

যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস কিয়ারসার্জ প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। তবে ত্রাণকাজের জন্য জাহাজটির কতদিন থাকা প্রয়োজন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস কিয়ারসার্জ প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। তবে ত্রাণকাজের জন্য জাহাজটির কতদিন থাকা প্রয়োজন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, "প্রয়োজনের চেয়ে এক দিনও বেশি থাকবে না তারা (যুক্তরাষ্ট্রের রণতরী)।" বৈঠকে উপদেষ্টা বিভিন্ন দেশের কূটনীতিকদের সিডরের ক্ষয়ক্ষতি ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে জানান। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, "মার্চের মধ্যে ৫ লাখ টন চাল প্রয়োজন বলে আমাদের জানিয়েছেন উপদেষ্টা।" ব্রিটিশ দূত সরকারের ত্রাণ কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। আনোয়ার চৌধুরী বলেন, "বিপর্যয়ের ব্যাপকতার হিসাবে সরকারের সাড়া যথেষ্ঠ ভালো বলেই বিশেষজ্ঞরা বলছেন।" তবে উপদেষ্টার প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে ব্রিটিশ হাইকমিশনার জানান সরকারের মাধ্যমে ব্রিটিশ সাহায্য দেওয়া হবে না। তিনি বলেন,"আমরা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোর মাধ্যমে সাহায্য বিতরণ করবো।" ইফতেখার আহমেদ জানান, শুধু সরকারের মাধ্যমে ত্রাণ বিতরণের জন্য কূটনীতিবিদদের অনুরোধ করেছিলেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০২৮ঘ.