২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সহকর্মীকে সাগরে রেখেই ফিরলেন ১৯ জেলে

ঘূর্ণিঝড় সিডর যখন আঘাত হানে তখন অনেকের সঙ্গে ভোলা সদর উপজেলার সামাইয়া ইউনিয়নের ২৪ জেলেও ছিলেন সাগরে। ঝড়ের পর তাদের নিখোঁজই ধরা হচ্ছিল। ফিরবেন এটা ভাবেনি স্বজনরা। অবশেষে তাদের ১৯ জন ফিরেছেন, তবে ফিরে আসার এ যাত্রায় সঙ্গী করতে পারেননি পাঁচ সহকর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

আহাদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ভোলা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর যখন আঘাত হানে তখন অনেকের সঙ্গে ভোলা সদর উপজেলার সামাইয়া ইউনিয়নের ২৪ জেলেও ছিলেন সাগরে। ঝড়ের পর তাদের নিখোঁজই ধরা হচ্ছিল। ফিরবেন এটা ভাবেনি স্বজনরা। অবশেষে তাদের ১৯ জন ফিরেছেন, তবে ফিরে আসার এ যাত্রায় সঙ্গী করতে পারেননি পাঁচ সহকর্মীকে। আর তাই এ ফিরে আসা ১৯ জেলে পরিবারে আনন্দের বার্তা নিয়ে এলেও কান্নার রোল থামছে না পাঁচ পরিবারে। মঙ্গলবার সামাইয়া ইউনিয়নে গিয়ে দেখা যায় এ চিত্র। ঝড়ে উত্তাল সাগরে লড়াই করে ফেরা আবুল কালাম, আশরাফ আলী, তছির জানান, ঝড় আসার কয়েকদিন আগেই তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় মাছ ধরতে যান। সেখানে অস্থায়ী একটি ঘরও তোলা হয়। একই ইউনিয়নের ২৪ জেলে তারা একসঙ্গেই থাকতেন। আবুল কালাম বলেন, "১০ নম্বর বিপদ সঙ্কেতের কথা শুনে চলে আসতে চেষ্টা করি। কিন্তু সাগর উত্তাল থাকায় ফিরতে পারিনি। এর মধ্যে ঝড়ের কবলে পড়ে নৌকাগুলো ডুবে যায়। আমরা ভাসতে ভাসতে বরগুনার চরে গিয়ে উঠি। সেখানে ঊঠে ১৯ জনকে পাই।" রোববার বাড়ি ফেরা এসব জেলে জানান, সহকর্মী সখু মাঝি, হানিফ মিয়া, মোতাসিম, ইউসুফ ও আকবরের সন্ধান পাননি তারা। নিজেরা ফিরে এলেও পাঁচ সহকর্মী হারানোর বেদনায় ব্যথাতুর এখন তারা। আর কান্নার দমকে সাংবাদিকদের সঙ্গে কথাই বলতে পারেননি নিখোঁজ জেলেদের স্বজনরা। ঘূর্ণিঝড়ে ভোলা জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৪১টি লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.